টুপি তৈরিতে ব্যস্ত শিবগঞ্জের নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে নতুন পোশাকের সঙ্গে নতুন টুপিরও চাহিদা থাকে ব্যাপক। বগুড়ার শিবগঞ্জ উপজেলার নারীরা সারা বছরই টুপি তৈরির কাজ করেন। তবে ঈদ এলে যেন তাঁদের দম ফেলার অবসর থাকে না। ঘরের কাজ গুছিয়ে, গল্প করতে করতে, কখনো একা, কখনো দলবেঁধে তাঁরা বুনে চলেন টুপি। ছবিটি গতকাল উপজেলার সুদামপুর গ্রাম থেকে তোলা l প্রথম আলো
ঈদে নতুন পোশাকের সঙ্গে নতুন টুপিরও চাহিদা থাকে ব্যাপক। বগুড়ার শিবগঞ্জ উপজেলার নারীরা সারা বছরই টুপি তৈরির কাজ করেন। তবে ঈদ এলে যেন তাঁদের দম ফেলার অবসর থাকে না। ঘরের কাজ গুছিয়ে, গল্প করতে করতে, কখনো একা, কখনো দলবেঁধে তাঁরা বুনে চলেন টুপি। ছবিটি গতকাল উপজেলার সুদামপুর গ্রাম থেকে তোলা l প্রথম আলো

ঈদ সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গ্রামীণ নারীরা এখন টুপি তৈরি করে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দ্রুত সংসারের কাজ সেরে তাঁরা হাতে তুলে নিচ্ছেন ক্রুশকাঠি আর সুতার গুটি। ঈদ সামনে রেখে রোজার কয়েক মাস আগে থেকেই শুরু হয় টুপি তৈরিতে তাঁদের ব্যস্ততা।
চার-পাঁচজন নারী কারিগর ও দুজন ব্যবসায়ীর সঙ্গে আলাপ করে জানা যায়, এ উপজেলার প্রায় ১৬টি গ্রামে কমপক্ষে দুই হাজার বিভিন্ন বয়সের নারী কারিগর রয়েছেন। এ উপজেলা থেকে প্রতিদিন এসব নারী প্রায় তিন হাজার টুপি তৈরি করেন। খুচরা ব্যবসায়ীরা গ্রামে গ্রামে গিয়ে এসব টুপি কিনে নিয়ে আসেন। পরে টুপিগুলো রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহর-গঞ্জে চলে যায়। সেখান থেকে টুপিগুলো পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইনসহ পৃথিবীর বিভিন্ন দেশেও রপ্তানি হয়।
উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে সুদামপুর গ্রাম। সরেজমিনে ১৬ জুন বিকেলে এ গ্রামে গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়িতেই চলছে টুপি তৈরির উৎসব। বাড়ির উঠান ছাড়াও গ্রামের এখানে-সেখানে দুজন-তিনজন থেকে বেশ কয়েকজন নারী মিলে গল্প করতে করতে টুপি তৈরি করছেন। তাঁদের কারও কোলে শিশু, কারও পাশে বা আশপাশে ছোটাছুটি করছে শিশু। এসব শিশুর দিকে নজর রাখার সঙ্গে সঙ্গে ক্রুশের বুননে অথবা সুই-সুতার গাঁথুনিতে এসব নারী নানা নান্দনিক ডিজাইনে বুনে চলেছেন একেকটি টুপি।
গ্রামের গৃহবধূ আমেনা বেগম বলেন, প্রতিদিন তিনি এক থেকে দুটি টুপি বানাতে পারেন। প্রতিটি টুপি তিনি ৫০ টাকা করে বিক্রি করেন। বছরের এ সময়টাতে বাড়ির কাজের ফাঁকে ফাঁকে টুপি তৈরি করে মাসে তাঁর দেড় হাজার টাকার মতো আয় হয়। সারা বছরই টুপি তৈরির কাজ করলেও ঈদের সময় দম ফেলারও ফুসরত থাকে না বলে জানান এ গৃহবধূ।
গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বীথি আকতার বলে, ‘এখন আমার স্কুল বন্ধ। তাই টুপি বুনছি।’
গৃহবধূ শাকিলা পারভীন জানান, এক গুটি সুতা দিয়ে (বোম) সাত থেকে আটটি টুপি তৈরি করা যায়। এক গুটি সুতার দাম ৫০ টাকা। আর প্রতিটি টুপি তাঁরা বিক্রি করেন ৫০ টাকা।
বাদশা মিয়া নামের এক খুচরা ব্যবসায়ী জানান, তিনি উপজেলার বেশ কয়েকটি এলাকা থেকে টুপি কিনে পাইকারি বাজারে বিক্রি করেন।
টুপির পাইকারি ব্যবসায়ী তাজুল ইসলাম জানান, গ্রামে গ্রামে ঘুরে কারিগরদের কাছ থেকে টুপি কিনে তাঁরা ঢাকার চকবাজারের আড়তে বিক্রি করেন। চকবাজারের আড়ত থেকে তা দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।