টুপি বানিয়ে স্বাবলম্বী নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও হাতে সাদা আবার কারও হাতে রং-বেরঙের কাপড়। সুঁইয়ের ফোঁড়ে নান্দনিক নকশা ফুটে উঠছে একেকটা কাপড়ে। বিশেষ কায়দায় সেলাই ও ভাঁজ করে কাপড়গুলোকে বানানো হচ্ছে টুপি। নানা বয়সী নারী ও কলেজপড়ুয়া মেয়েরা বসে টুপি বানাচ্ছেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন গ্রামে টুপি বানানোর এমন দৃশ্য চোখে পড়ে। উপজেলার পাঁচটি গ্রামের কয়েক হাজার নারী নকশি টুপি বানিয়ে এখন স্বাবলম্বী। তাঁদের বানানো টুপি দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। টুপি বানিয়ে নারীদের স্বাবলম্বী হওয়ার পেছনে লুকিয়ে আছে এক নারীর সংগ্রামের কাহিনী। নাম তাঁর মোর্শেদা বেগম (৪০), বাড়ি উপজেলার থেতরাই ইউনিয়নের পাতিলাপুর গ্রামে। ১০ বছর আগে ঘরে ঘরে ঘুরে নারীদের এ কাজ শেখান তিনি। নারীর ভেতর শুপ্ত শিল্পীমনকে জাগিয়ে তোলেন। এখন তাঁর অধীনে হাজার খানেক নারী টুপি তৈরির কাজ করেন। মাসে ছয়-সাত হাজার টুপি তৈরি করেন তিনি। নারীদের স্বাবলম্বী করতে নীরব এই আন্দোলনের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে আরডিআরএস তাঁকে ‘সাদা মনের মানুষ’ হিসেবে সম্মাননা দেয়। পাতিলাপুর গ্রাম এখন লোকের কাছে ‘টুপি গ্রাম’ হিসেবে পরিচিত। উলিপুর উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে পাতিলাপুর গ্রামে এক নিম্নমধ্যবিত্ত পরিবারে মোর্শেদার জন্ম। দশম শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে হয়ে যায় একই গ্রামের জাবেদ আলীর সঙ্গে। বিয়ের কিছু দিন পর স্বামীর চাকরির সুবাদে টাঙ্গাইলে চলে যান। সেটা ১৯৯৫ সালের কথা। সে সময় প্রতিবেশী কমলা বেগমের টুপি তৈরি দেখে দেখে মোর্শেদাও কাজটা রপ্ত করে ফেলেন। এরপর প্রথমবারের মতো একটি টুপি তৈরি করে ৩৫০ টাকা মজুরি পান। মোর্শেদা বেগম জানান, তাঁর কাজ দেখে মুগ্ধ হন বেসরকারি সংস্থার এক কর্মকর্তা। তিনি প্রথমবারের মতো ৫০টি টুপির চাহিদা দেন। অল্প কিছু দিনের মধ্যে মোর্শেদা ওই কর্মকর্তাকে ৫০টি টুপি সরবরাহ করে সাড়ে ১৭ হাজার টাকা মজুরি পান। ২০০০ সালে মোর্শেদা নিজ গ্রামে চলে আসেন। এবার এক নতুন স্বপ্ন উঁকি দেয় তাঁর মনে। এলাকার দরিদ্র নারীদের কাজের মাধ্যমে তাঁদের স্বাবলম্বী করার কথা ভাবেন তিনি। টুপি তৈরি করেও যে আয় করা যায়, গ্রামের দুঃস্থ নারীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। প্রথম প্রথম কেউ তাঁর কথায় সাড়া দেননি। কিন্তু মোর্শেদা হাল ছাড়েননি। বারবার তাঁদের কাজে গেছেন, তাঁদের কাজ শেখানোর চেষ্টা করেছেন। সেই চেষ্টা বিফলে যায়নি। ধীরে ধীরে দলবেঁধে নারীরা আসতে থাকেন মোর্শেদার বাড়িতে, সেলাইয়ের কাজ শেখেন। এভাবে মোর্শেদার কাজের পরিধি নিজ গ্রাম ছাড়িয়ে আশপাশের গ্রাম এমনকি শহর পর্যন্ত ছড়িয়ে পড়ে। আনোয়ারা বেগম (৫০), রূপা বেগম (৫৫), সুরমা বেগম (৪৫) জানান, মোর্শেদা আপা এ কাজ দিয়ে আমাদের নতুন জীবন দিয়েছেন। আগে সংসারে বোঝা হয়ে শুধু স্বামীর উপার্জনে খুব কষ্ট করে চলতাম। এখন মাসে দেড় থেকে দুই হাজার টাকা উপার্জন করি। তাঁরা আরও জানান, টুপি তৈরিতে আলাদা কোনো সময় লাগে না। যখন সময় পান তখনই এ কাজ করেন।আলাপকালে মোর্শেদা বেগম জানান, ফেনীর এক লোকের কাছ থেকে ফরমায়েশ পেয়ে তিনি এ কাজ করছেন। উপকারভোগীদের সঙ্গে নিয়ে তিনি মাসে ছয় থেকে সাত হাজার টুপি তৈরি করতে পারেন। একটি টুপি তৈরিতে সুতা ও কাপড়ের পেছনে ২৩০ টাকা, মজুরি বাবদ ৩০-৪০ টাকা ব্যয় হয়। টুপিপ্রতি ৩০-৪০ টাকা কমিশন পান তিনি। নকশি করা প্রতিটি টুপি চার থেকে পাঁচ শ টাকায় বিক্রি হয় বলে শুনেছেন মোর্শেদা। এর সবই প্রায় মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়।তাঁর ইচ্ছা, এলাকার অসহায় সব নারীকে স্বাবলম্বী করে গড়ে তোলা। আর্থিক সহায়তা পেলে তিনি নিজ গ্রামেই একটি টুপি তৈরির কারখানা দিতে চান। তিনি জানান, তাঁদের বানানো টুপি ফেনী হয়ে ওমান, কুয়েত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে যাচ্ছে। তিনি জেনেছেন, ওই সব দেশে তাঁদের তৈরি করা টুপির বেশ চাহিদা রয়েছে। এলাকার এক জনপ্রতিনিধি আ. হালিম জানান, মোর্শেদা আপা যেভাবে আলোকবর্তিকা নিয়ে এগোচ্ছেন, গ্রামাঞ্চলের একজন নারীর জন্য সেটা বিশাল চ্যালেঞ্জ। থেতরাই ইউপির চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার জানান, মোর্শেদা একজন সাহসী নারী, তাঁর জয় হবেই।