টেংরাগিরি ইকোপার্কের প্রাণীগুলো খাদ্যাভাবে
বরগুনার নবগঠিত তালতলী উপজেলার টেংরাগিরি সংরক্ষিত বনের ইকোপার্কের প্রাণীগুলোর জন্য সরকারিভাবে কোনো খাদ্য বরাদ্দ নেই। এ কারণে প্রাণীগুলো দিনে দিনে রোগা হচ্ছে।টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের বিনোদনের জন্য বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নির্মাণ করা ওই ইকোপার্কটি ছয় মাস আগে চালু করা হয়। বন ও পরিবেশ মন্ত্রণালয় দুই কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৬০০ টাকা ব্যয়ে ইকোপার্কে হরিণ, শূকর, মেছো বাঘ পালনের জন্য খাঁচা, কুমির প্রজননকেন্দ্র, পর্যটকদের জন্য পিকনিক স্পট, রেস্টহাউসসহ বনের ভেতরে এক হাজার ১৩১ মিটার দৈর্ঘ্যের ইটের রাস্তা তৈরি করছে।এরই মধ্যে খাঁচাগুলোতে আটটি হরিণ, ২৫টি শূকর ও দুটি মেছো বাঘ ও কুমির প্রজননকেন্দ্রে তিনটি কুমিরের ছাড়া হয়েছে। কিন্তু সরকারিভাবে এসব প্রাণীর জন্য কোনো খাবার বরাদ্দ করা হয়নি। স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমানে প্রাণীগুলোকে দেখলেই মনে হয়, তাঁরা না খেতে পেয়ে দুর্বল হয়ে পড়েছে। প্রাণীগুলোকে লালন-পালনের জন্য পৃথক পৃথক দায়িত্বের ব্যবস্থা, প্রয়োজনীয় খাবার সরবরাহ ও রক্ষণাবেক্ষণ না করলে সরকারের কোটি কোটি টাকার প্রকল্প ভেস্তে যাবে বলে মন্তব্য করেন তিনি।বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা ওবায়দুল হক বলেন, প্রয়োজনীয় খাদ্যসংকট ও বনাঞ্চলে অতিরিক্ত মশার উৎপাতসহ লবণাক্ত আবহাওয়ার কারণে এ প্রাণীগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে।ইকোপার্কের দায়িত্বে নিয়োজিত বন বিভাগের ছকিনা বিট কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আপাতত সরকারিভাবে খাবারের কোনো বরাদ্দ নেই। স্থানীয়ভাবে নিজ উদ্যোগে প্রাণীগুলোকে কিছু খাবার দেওয়া হচ্ছে।