টেংরাটিলায় নিরাপদ পানির দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্র এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা ও পরিবেশ রক্ষায় উদ্যোগ গ্রহণের দাবিতে গতকাল বুধবার এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গ্যাসক্ষেত্র এলাকার পাশে টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে দুপুর সাড়ে ১২টায় এ মানববন্ধন হয়। এতে টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষতিপূরণের দাবিও জানানো হয়।
মানববন্ধনে জানানো হয়, টেংরাটিলা গ্যাসক্ষেত্র এলাকায় মানুষের বাড়িঘর, রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমিতে এখনো গ্যাসের বুদ্বুদ উঠছে। এখানকার মানুষ মারাত্মক ঝুঁকি নিয়ে বসবাস করছে। এলাকার নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক দেখা দিয়েছে। গাছপালা মরে যাচ্ছে। এই অবস্থায় এলাকার পরিবেশ রক্ষা ও মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান মাস্টার, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, স্থানীয় বাসিন্দা বজলুল মামুন প্রমুখ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা এলাকায় অবস্থিত গ্যাসক্ষেত্রে ২০০৫ সালের ৭ জানুয়ারি প্রথম দফা এবং ২৪ জুন দ্বিতীয় দফা বিস্ফোরণের ঘটনা ঘটে।