টেক ফিয়েস্তা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় টেক ফিয়েস্তায় শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটের প্রদর্শনী l প্রথম আলো
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় টেক ফিয়েস্তায় শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটের প্রদর্শনী l প্রথম আলো

নির্ধারিত সময়ের মধ্যে যন্ত্রমানবকে (রোবট) অতিক্রম করতে হবে আঁকা-বাঁকা পথের নির্দিষ্ট একটি দূরত্ব। এই দূরত্বে যে আগে পৌঁছাতে পারবে, সে-ই হবে বিজয়ী। কিন্তু যন্ত্র তো আর সব সময় মানুষের কথা শোনে না। তাই পথ ভুলে মাঝেমধ্যে চলে যাচ্ছিল অন্য পথে। আর তাদের নিয়ন্ত্রণের চেষ্টায় ছিলেন একদল তরুণ।
গতকাল শুক্রবার এই দৃশ্য দেখা গেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেখানে অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় টেক ফিয়েস্তা-’১৬ প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিল ‘ডুয়েল অব রোবট কোয়ালিফায়ার রাউন্ড’। সেখানেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবিত রোবট নিয়ে মেতে ওঠেন।
সকালে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। এ সময় বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন ওসমান গণি এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান আশরাফুল গণি ভূঁইয়া উপস্থিত ছিলেন।
ডুয়েল অব রোবট কোয়ালিফায়ার রাউন্ডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০টি দল অংশ নেয়। এদের মধ্য মোট ১৬টি দল শেষ পর্বের জন্য মনোনীত হয়েছে।
টেক ফিয়েস্তার অন্য প্রতিযোগিতাগুলো হলো আইটি, সুডোকু ও রুবিকস কিউব চ্যালেঞ্জ। আছে গাণিতিক যুক্তি ও বুদ্ধির লড়াইও। গতকাল এই লড়াইয়ে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে এসব প্রতিযোগিতা হয়।
বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রযুক্তি বিষয়ে একটি সেমিনার। তাতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক এম এম এ হাশেম, সারেন্স গ্রুপের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজার সুবাইল-বিন-আলম, সাইনপালস জিএমবিএইচের সিইও সায়ফুল্লাহ এবং ইউবিট্রিক্সের সিইও ও প্রতিষ্ঠাতা মিফতাহ উদ্দিন।
উৎসবের সমাপনী দিন আজ শনিবার অনুষ্ঠিত হবে পোস্টার, হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রদর্শনী এবং ডুয়েল অব রোবট প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। বিকেলে থাকবে সেমিনার। এতে উপস্থিত থাকবেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র ও যুব কর্মসূচির সমন্বয়কারী মনির হাসান। এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলো।