টেকনাফ উপকূল অরক্ষিত ঝুঁকিতে বহু মানুষ
কক্সবাজারের টেকনাফ উপকূলে ব্যাপক জলোচ্ছ্বাসের আতঙ্ক নিয়ে জীবন যাপন করছে মানুষ। ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত অধিকাংশ বাঁধ সংস্কার না হওয়ায় মানুষের মধ্যে এই আতঙ্ক দেখা দিয়েছে। সিডর ও আইলার পর কয়েক বছর ধরে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে পানি ঢুকে এসব এলাকার ফসলি জমি প্লাবিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান। অরক্ষিত উপকূল এলাকা রক্ষায় নেই কোনো জোরালো পদক্ষেপ।এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর, সাবরাং ও পৌরসভার প্রায় ৬৫ কিলোমিটার বাঁধের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়ে। পাশাপাশি এক হাজার ৩০০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয় উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের আড়াই নম্বর স্লুইসগেট ও শাহপরীর দ্বীপের বন্যানিয়ন্ত্রণ বাঁধ।পাউবোর টেকনাফ কার্যালয় সূত্র জানায়, আইলায় এই এলাকায় পানির উচ্চতা ৩ দশমিক ৪ মিটার পর্যন্ত বেড়েছিল। কিন্তু গত বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় গিরির সময় জোয়ারের উচ্চতা আইলাকেও ছাড়িয়ে যায়। এ সময় পানি ৩ দশমিক ৬ মিটার পর্যন্ত বাড়ে। ঘূর্ণিঝড় গিরির প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলের প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়। এ ছাড়া প্রতি পূর্ণিমা ও অম্যাবস্যার জোয়ারে এলাকার অধিকাংশ ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, চিংড়িঘের, রাস্তাঘাট ও ফসল নষ্ট হচ্ছে।সরেজমিনে দেখা যায়, সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত টেকনাফের বঙ্গোপসাগর ও নাফ নদীর তীরবর্তী বাঁধের কয়েক শ মিটার এখনো সংস্কার করা হয়নি। শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন বলেন, জোয়ার এলেই ঘরবাড়ি পানিতে ডুবে যায়। কয়েক বছর ধরে কোনো জমিতে চাষ করা যাচ্ছে না। অমাবস্যা-পূর্ণিমায় বাঁধের ওপর ঘুমাতে হয়। প্রতিবছরই ঘরবাড়ি সাগরে বিলীন হচ্ছে। এ পর্যন্ত পাঁচ শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। কিন্তু সরকার তাদের কোনো সহায়তা দেয়নি। টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিয়ারা বেগম বলেন, ‘প্রায় পাঁচ বছর ধরেই এই ভোগান্তি পোহাচ্ছি। শ্রেণীকক্ষগুলো কোমরপানিতে ডুবে যায়। প্রতি মাসে ১৫-১৭ দিন পাঠদান বন্ধ রাখতে হয়। জোয়ারের লবণাক্ত পানিতে বিদ্যালয়ের ভবনসহ অন্যান্য অবকাঠামো নষ্ট হচ্ছে।’পাউবো সূত্র জানায়, টেকনাফ উপকূলের ৬৮ নম্বর ফোল্ডারের শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ সংস্কারে ২০০৮ সালে চার কোটি ৪২ লাখ, ২০১০ সালে এক কোটি ৭৫ লাখ, ২০১১ সালে সাত কোটি ২১ লাখ টাকা ব্যয় করা হয়। টেকনাফ সদরের ৬৮ নম্বর ফোল্ডারের আড়াই নম্বর স্লুইসগেট এলাকার ভাঙা বেড়িবাঁধের জন্য ২০০৮ সালে ২৮ লাখ, ২০০৯ সালে ২৪ লাখ, ২০১০ সালে ২০ লাখ, ২০১১ সালে ৭৯ লাখ টাকা ব্যয় করা হয়। কিন্তু তার পরও প্রতিবছর সাগর ও নদীর ঢেউয়ে এসব এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাউবোর টেকনাফ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ১০ বছর আগে এখানকার নদ-নদীতে জোয়ারের উচ্চতা ছিল এক-দুই ফুট। সে হিসাবে বাঁধগুলো সর্বোচ্চ পাঁচ ফুট উঁচু করা হয়েছিল। জলবায়ু পরিবর্তনে এখন জোয়ারের উচ্চতা গড়ে তিন-চার ফুট বেড়েছে। এখন বাঁধগুলোর উচ্চতা সাত-আট ফুট করা দরকার।পাউবোর কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাঈন উদ্দিন স্বীকার করেন, বর্তমানে বাঁধগুলো স্বাভাবিক পানির চাপ মোকাবিলায় সক্ষম হলেও জলোচ্ছ্বাস হলে সেই চাপ নিতে পারবে না।