টেকনাফ উপকূলে ধরা পড়ছে প্রচুর ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূলে কয়েক দিন ধরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বিক্রিও হচ্ছে চড়া দামে। ধরা পড়া এসব ইলিশের ওজন ৮০০ গ্রাম থেকে এক কেজি। সরেজমিনে দেখা গেছে, উপজেলার সেন্ট মার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাং, সদর ও বাহারছড়া এলাকার ছোট-বড় অসংখ্য নৌকা ও ট্রলারে হাজার হাজার ইলিশ ধরা পড়ছে। পরে এই ইলিশ ট্রাকে করে চট্টগ্রাম ও ঢাকায় সরবরাহ করা হচ্ছে। গতকাল শুক্রবার শাহপরীর দ্বীপ ও কায়ুকখালীয়া ঘাটে গিয়ে দেখা গেছে, ২০টির বেশি ট্রলার দুই থেকে তিন হাজার মণ ইলিশ বিক্রির জন্য এনেছেন জেলেরা। সেখানে স্থানীয় ব্যবসায়ী ফরিদ আলম ও আবদুর রহমান জানান, প্রতিদিন তাঁরা গড়ে তিন হাজার মণ ইলিশ ঢাকা ও চট্টগ্রামের বাজারে সরবরাহ করছেন।দেখা গেছে, আড়তদারেরা ৮০০ থেকে ১১০০ গ্রাম ওজনের ইলিশ ১৪ হাজার টাকা মণ দরে (৩৫০ টাকা কেজি) বিক্রি করছেন। তবে তা খুচরা বাজারে ৩৮০-৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।শাহপরীর দ্বীপের বাজারপাড়ার জেলে সোলতান আহমদ (৪৮) ও মিস্ত্রিপাড়ার আবদুল করিম জানান, কয়েক দিন ধরে সাগরে ইলিশ ধরা পড়ছে। এতে তাঁরা খুশি। জেলেরা জানান, বৃষ্টি হওয়ায় মিঠাপানি খেতে ঝাঁকে ঝাঁকে ইলিশ উপকূলের দিকে ছুটে আসছে। আরও কিছুদিন ইলিশ ধরা পড়বে বলে তাঁরা আশা করছেন। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ জানান, জাটকা নিধনে কড়াকড়ি আরোপ করায় সাগরে ইলিশ বেড়েছে। ফলে ভরা মৌসুম না হলেও প্রচুর ইলিশ জালে আটকা পড়ছে।