টেকনাফ উপকূলে বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূলে কোস্টগার্ডের সঙ্গে চোরাকারবারিদের বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তাঁরা ইয়াবা ব্যবসায়ী।
গুলিতে আহত হয়েছেন তিনজন কোস্টগার্ড সদস্যসহ ছয়জন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে টেকনাফের নাফ নদীতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
তবে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. কাজি হারুন উর রশিদ বলেন, চোরাকারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গুলিবিনিময় হয়েছে নাফ নদীতে। কক্সবাজারে তিন ব্যক্তি কার গুলিতে নিহত হয়েছেন তাঁদের জানা নেই।
নিহত তিন ইয়াবা পাচারকারী হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের মো. আমিন ওরফে আমিন মাঝি, কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ গ্রামের জহিরুল আলম ও মহেশখালীর মো. কালু। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় শহরের বাঁকখালী নদীতে রাখা একটি ট্রলার থেকে পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ সময় এফবি হামিদা নামের ওই ট্রলার থেকে গুলিবিদ্ধ মো. হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত মো. হোসেন কক্সবাজার পৌরসভার চরপাড়ার এরশাদ উল্লাহর ছেলে।
এর সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ প্রথম আলোকে বলেন, টেকনাফ উপকূলে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় তিন ইয়াবা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মিয়ানমার থেকে ট্রলারে ইয়াবা চালান নিয়ে ছয় জেলে টেকনাফ আসছিলেন। কিন্তু কোস্টগার্ডের সদস্যরা ট্রলারটি থামানোর সংকেত দিলে পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে কোস্টগার্ডের তিন সদস্য গুলিবিদ্ধ হন। এরপর কোস্টগার্ডও পাল্টা চালায়। কোস্টগার্ডের সদস্যরা তাঁকে এ ঘটনা জানিয়েছেন। কিন্তু চোরাকারবারিরা হতাহতদের নিয়ে ট্রলারটি টেকনাফ থেকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কক্সবাজার সদর থানায় পুলিশ ট্রলারটি জব্দ করে এবং তা থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।