কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আটজন। তার মধ্যে একজন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বাকি ছয়জনেরই আশঙ্কা, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্র দখল ও কারচুপি করা হতে পারে।
২২ মার্চ টেকনাফের সাবরাংসহ চারটি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
দলীয় সূত্র জানায়, শাহপরীর দ্বীপ সাংগঠনিক শাখা আওয়ামী লীগের সভাপতি সোনা আলীকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।
ওই দুই প্রার্থী ছাড়াও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী সোলতান আহমদ, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মো. ইসমাঈল, জাতীয় পার্টির মোহাম্মদ আয়াছ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান হামিদুর রহমান, জাহিদ হোসাইন ও আবুল ফয়েজ।
তবে স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এলাকাবাসীর অনুরোধে আওয়ামী লীগের প্রার্থী সোনা আলীকে সমর্থন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
নুর হোসেন বলেন, আওয়ামী লীগের প্রার্থী সোনা আলী আচরণবিধি লঙ্ঘন করে মহড়া দিচ্ছেন। বিধি অনুযায়ী দল মনোনীত প্রার্থীর পোস্টারে শুধু দলীয় প্রধানের ছবি থাকতে পারবে। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী পোস্টারে দলীয় প্রধানের ছবি ছাড়াও আরও দুজনের ছবি ব্যবহার করেছেন। সোনা আলীর লোকজন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁর (নুর হোসেন) সমর্থকদের মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছেন। ভোটকেন্দ্র দখল করে নেওয়ার ভয় দেখাচ্ছেন।
বিএনপির প্রার্থী সোলতান আহমদ বলেন, তাঁর বিজয় নিশ্চিত দেখে সোনা আলীর পক্ষে একাধিক ভোটকেন্দ্র দখল করে নেওয়ার চক্রান্ত চলছে।
জাতীয় পার্টির মোহাম্মদ আয়াছ বলেন, আওয়ামী লীগের প্রার্থী বলে বেড়াচ্ছেন, ভোটের দিন সকাল ১০টায় ভোট শেষ হবে। ভোটাররা অন্য প্রতীকে ভোট দিলেও জয়ী হবে নৌকা। তিনি বলেন, জাতীয় পার্টির সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের ভোটকেন্দ্রে না যেতে বলা হচ্ছে।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসমাঈল, হামিদুর রহমান ও জাহিদ হোসাইনও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
আবুল কালাম ও জিয়াবুল হক নামের দুই ভোটার বলেন, সবখানে প্রচারিত হচ্ছে, আওয়ামী লীগের লোকজন ভোটকেন্দ্র দখল করে নেবেন। ভোট না পেলেও নাকি সোনা আলীকে চেয়ারম্যান ঘোষণা করা হবে। তাহলে আর ভোটকেন্দ্রে যাওয়ার দরকার কী?
সব অভিযোগ অস্বীকার করে সোনা আলী বলেন, ‘আমার বিপুল জনসমর্থন দেখে বিরোধী পক্ষ নানা অপপ্রচার চালাচ্ছে। আমিও চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হোক।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, ভোটকেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের মতো পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর। তিনি ‘গুজবে’ কান না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। ওসি জানান, সাবরাংয়ের সব ভোটকেন্দ্রকেই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সাবরাং ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, প্রার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর থেকে প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ দায়িত্ব পালন করছে। নির্বাচনের দিনও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব প্রস্তুতি নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রার্থী সোনা আলীর বিরুদ্ধে প্রার্থীরা অভিযোগ করেছেন। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।