
বর্ষা মৌসুমে পানি বেড়ে যাওয়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাবরাং ইউনিয়নের নাফ নদী ও বঙ্গোপসাগর-তীরবর্তী এলাকায় ভাঙন তীব্র হয়েছে। গত ২১ মে থেকে গতকাল শুক্রবার পর্যন্ত তিন শতাধিক বাড়ি বিলীন হয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, নাফ নদী ও বঙ্গোপসাগরে ভাঙনে গত চার বছরে সাবরাং ইউনিয়নের পাঁচ গ্রামের আট শতাধিক বসতবাড়ি বিলীন হয়ে যায়। এ ছাড়া ভাঙনের হুমকিতে আছে ইউনিয়নের আরও ১১ গ্রামের অনেক বাড়িঘর।
স্থানীয় লোকজন জানান, নাফ নদী ও সাগরের পানি বৃদ্ধি পাওয়ায় সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, মাঝরপাড়া ও জালিয়াপাড়ার একাংশে ভাঙনের তীব্রতা বেড়েছে।
গত বৃহস্পতিবার সকালে মাঝরপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক বসতবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। জোয়ারের আঘাতে ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়ায় অনেকে অন্যত্র চলে যাচ্ছেন। এলাকার শতাধিক বাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি সাগরে বিলীন হয়ে যাওয়ার শঙ্কার মধ্যে আছে।
মাঝরপাড়ার বাসিন্দা মদিনা বেগম বলেন, জোয়ারের আঘাতে তাঁর বসতবাড়ি বিলীন হয়ে গেছে। এখন স্বামী-সন্তানকে নিয়ে কোথায় আশ্রয় নেবেন, তা বুঝে উঠতে পারছেন না।
এলাকার প্রবীণ শিক্ষক জাহেদ হোসেন বলেন, ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় দিন দিন শাহপরীর দ্বীপের আয়তন ছোট হয়ে আসছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন বলেন, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি। তাই জোয়ারের পানি বেড়ে গেলে বাড়িঘর সাগরে বিলীন হয়ে যাচ্ছে। তিনি বলেন, এলাকার কয়েক হাজার পরিবার ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে।

শাহপরীর দ্বীপ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক এম এ হাশেম বলেন, যাঁদের সামর্থ্য আছে, তাঁরা বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। সামর্থ্যহীন লোকজন জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। খাসজমি বন্দোবস্ত দিয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা লোকজনকে পুনর্বাসনের আওতায় আনতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।
সাবরাং ইউপির চেয়ারম্যান নূর হোসেন বলেন, গত চার বছরে আট শতাধিক পরিবারের বসতবাড়ি ও কয়েক হাজার ফসলি জমি নদী ও সাগরে বিলীন হয়ে গেছে। তিনি বলেন, ইউনিয়নের ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের হাড়িয়াখালী, কাটাবনিয়া, কচুবনিয়া, লাফারঘোনা ও ঝিনাপাড়া গ্রামের আরও কয়েক হাজার পরিবার আতঙ্কে জীবন-যাপন করছে। তিনি বলেন, ভাঙনের তীব্রতা এত বেশি যে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের পাঁচ কিলোমিটার সড়ক নিশ্চিহ্ন হয়ে গেছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান প্রথম আলোকে বলেন, সম্প্রতি তিনি শাহপরীর দ্বীপ পরিদর্শন করেছেন। এরপর বাঁধ সংস্কারের জন্য টাকা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করতে বলা হয়েছে জনপ্রতিনিধিদের। তিনি জানান, ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।