টেকনাফ-কক্সবাজার সড়কে ডাকাতি
টেকনাফ-কক্সবাজার সড়কে গত সোমবার রাতে দুই মোটরসাইকেল আরোহীকে গুলি করে এক লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে ডাকাত দল। আহত ব্যক্তিরা হলেন মো. শাজাহান ও মো. সরওয়ার। তাঁদের গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি উপজেলার হ্নীলা ইউনিয়নে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে টেকনাফ থেকে হ্নীলা যাওয়ার পথে উপজেলার দমদমিয়ায় ১৪ নম্বর সেতুসংলগ্ন এলাকায় ১০-১২ জন ডাকাত ওই দুজনের মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাঁদের ওপর গুলিবর্ষণ করে। এতে শাজাহান গুলিবিদ্ধ হন। এরপর সরওয়ারকে বেদম মারধর করা হয়। তাঁদের সঙ্গে থাকা এক লাখ ২০ হাজার টাকাসহ দুই মুঠোফোন সেট ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রনজিত কুমার বড়ুয়া পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।টেকনাফ হাসপাতালের চিকিৎসক মো. এরফান আনসারী বলেন, শাজাহানের শরীরে সাতটি গুলি লেগেছে এবং সরওয়ারের বাঁ হাত ভেঙে গেছে। তাই তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।