টেকনাফ-কক্সবাজার সড়কে সাত ঘণ্টা যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-টেকনাফ সড়কে গতকাল বৃহস্পতিবার প্রায় সাত ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ কারণে টেকনাফ স্থলবন্দরের মালামাল সরবরাহ ব্যাহত হয়েছে। জানা যায়, টেকনাফ স্থলবন্দরসংলগ্ন নাফ নদীতে গত বুধবার রাতে কোস্টগার্ডের সদস্যরা নাফ নদী দিয়ে আসার সময় দুটি ট্রলারকে সংকেত দিলে ট্রলারগুলো কেরুনতলী প্যারাবনে উঠিয়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা তল্লাশি চালিয়ে ২০ মেট্রিক টন শুঁটকি মাছের ভেতর থেকে ১৯০ কার্টন ক্লিংকন, ৪৭ কার্টন জিট ও ২৯ কার্টন ব্লু-ডায়মন্ড নামক আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করে। শুঁটকিসহ ট্রলার দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনার জের ধরে টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী ও ট্রাকমালিকেরা গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টেকনাফ-কক্সবাজার সড়কে এলোপাতাড়ি যানবাহন রেখে অবরোধ করেন।