টেকনাফ কলেজের শিক্ষক হত্যাকারীদের গ্রেপ্তার দাবি
কক্সবাজারের টেকনাফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক শামসুল আলমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীরা। ৮ ডিসেম্বর বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকায় এক স্মরণসভায় বক্তারা এ দাবি জানান। স্মরণসভায় উপস্থিত ছিলেন বিএনপি, আওয়ামী লীগ, ইউপি চেয়ারম্যান, ঠিকাদার সমিতির নেতা-কর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৩১ অক্টোবর বেলা তিনটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়াপাড়ায় ৯৫টি আকাশমণিগাছ কাটা নিয়ে সালিস বৈঠকে টেকনাফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. শামসুল আলমকে (৪৬) পিটিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা।
এ সময় তাঁর চিৎকারে আত্মীয়স্বজন, সহপাঠী শিক্ষকেরা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।