টেকনাফ ঝাউবনে ৩৫ হাজার রোহিঙ্গা!
‘মিয়ানমারের সামরিক জান্তা চায় না রোহিঙ্গা মুসলমানরা বার্মায় (সে দেশে) বসতি করুক। তাই আমাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। গুলি করে হত্যা করা হচ্ছে। লুট করা হচ্ছে ধন-সম্পদ। তাই কোনো উপায় না দেখে রাতের আঁধারে নৌকা নিয়ে টেকনাফে অনুপ্রবেশ করি এবং সমুদ্র উপকূলের এই ঝাউবনের ভেতরে ঠাঁই নিয়েছি।’কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্র উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর বাজারের পাশে ঝাউবনের ভেতর গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় এসব কথা বলেন রোহিঙ্গা গৃহবধূ রমিজা বেগম (৩৩)।মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু শহরের হাস্যুরাতা গ্রামে তাঁর বাড়ি। গত ২৪ অক্টোবর তিনি পরিবারের সাত সদস্য (স্বামী ও পাঁচ ছেলেমেয়ে) নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ অনুপ্রবেশ করেন। তারপর সেখান থেকে শাপলাপুর সৈকতের এই ঝাউবনের ভেতরে ঝুপড়িঘর তৈরি করে বসতি করছেন। রমিজা বেগমের পাশাপাশি এই ঝাউবনের বিশাল এলাকা দখল করে বসতি করছে আরও অন্তত ২৫ হাজার অনুপ্রবেশকারী রোহিঙ্গা। পুরুষেরা দিনের বেলায় সমুদ্রে মাছ ধরে, ট্রলারে শ্রমিকের কাজ করে উপার্জিত টাকায় সংসার চালান। আর নারীশিশুরা পাহাড়-জঙ্গল থেকে গাছ কেটে অথবা সমুদ্রে নিষিদ্ধ মশারির জাল বসিয়ে চিংড়ি পোনা ধরে বাড়তি আয় করছে। অনেকে জড়িয়ে পড়ছে নানা অপরাধকর্মে।ঝাউবনের ভেতরে রোহিঙ্গা বসতিতে কথা হয় স্থানীয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) এসআই আবদুল মোনাফের সঙ্গে। তিনি বলেন, শুধু ঝাউবনের এই একটি অংশে আড়াই হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার বসতি রয়েছে।দেখা গেছে, শাপলাপুর থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্রসৈকতসংলগ্ন প্রায় ২৫ কিলোমিটার লম্বা ঝাউবনের জাহাজপুরা, শিলখালী, কচ্ছপিয়া, বড়ডেইল, নোয়াখালী, রাজারছড়া, মিঠাপানিরছড়া, লম্বরী, তুলাতলী, মহেশখালীয়াপাড়াসহ আরও অন্তত ৩০টি স্থানে বসতি করছে প্রায় ৯০০ পরিবারের আরও ১০ হাজার রোহিঙ্গা।বন বিভাগের কক্সবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, তিনি এক মাস ধরে ঢাকায় প্রশিক্ষণে ছিলেন। টেকনাফের ঝাউবনের ভেতরে এত রোহিঙ্গা বসতির খবর তাঁর জানা নেই। এ ব্যাপারে তিনি খোঁজখবর নিচ্ছেন। ঝাউবনের ভেতরে রোহিঙ্গাদের অবৈধ বসতি প্রসঙ্গে জানতে চাইলে বাহারছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাওলানা হাবিব উল্লাহ বলেন, স্থানীয়ভাবে বিপুলসংখ্যক এই রোহিঙ্গাকে উচ্ছেদ করা সম্ভব নয়। প্রতিদিন রোহিঙ্গারা এসে ঝাউবনে আশ্রয় নিচ্ছে। কিছুদিনের মধ্যে রোহিঙ্গা বসতি লাখ ছাড়িয়ে যাবে। স্থানীয় কিছু প্রভাবশালী রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, ঝাউবনের ভেতরে হাজার হাজার ঘরবাড়ি তৈরির পাশাপাশি রোহিঙ্গারা আটটির বেশি মসজিদও তৈরি করেছে। মসজিদের বিপরীতে রোহিঙ্গা সমাজ কমিটি তৈরি করে তারা (রোহিঙ্গারা) বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ খুঁজছে।শাপলাপুর নৌঘাট মসজিদ কমিটির সভাপতি রোহিঙ্গা আবদুল আজিজ (৬০) বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য রাচিদং থেকে তিনি সপরিবারে বাংলাদেশ অনুপ্রবেশ করেন। এখন তাঁরা বাংলাদেশে অথবা তৃতীয় কোনো দেশে স্থায়ীভাবে বসতি করতে চান। আন্তর্জাতিক একটি সংগঠন এবং আরএসওর (আরাকান রোহিঙ্গা সলিডারেটি অর্গানাইজেশন) সদস্যরা রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। গত কোরবানের ঈদে ঝাউবনের ভেতরে রোহিঙ্গাদের জন্য আরএসও ৬০টির বেশি গরু সরবরাহ দিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারস্থ ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, পুরো সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধরা পড়ছে। তারপর পুনরায় তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে।