টেকনাফ থানার সেই এসআই বদলি
কক্সবাজারের টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেনকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। গত সোমবার এই আদেশ দেওয়া হয়। তাঁর নতুন কর্মস্থল কুতুবদিয়া থানা। তাঁকে গতকাল মঙ্গলবারের মধ্যে টেকনাফ থানা ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানেননি।কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) নিবাস চন্দ্র মাঝি এসআই বাতেনকে বদলির সত্যতা নিশ্চিত করেছেন।বাতেন টেকনাফ থানায় যোগ দেওয়ার পর থেকে নানা অপকর্ম শুরু করেন বলে অভিযোগ ওঠে। ইউনুস হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ডাকাত মোস্তাককে আটক করে থানায় সোপর্দ করার পর বাতেন এবং তৎকালীন ওসি মোটা অঙ্কের উৎকোচ নিয়ে মোস্তাককে ছেড়ে দেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহল জানলে বাতেনকে প্রত্যাহার করে। কিন্তু রাজনৈতিক একটি মহলকে টাকা দিয়ে পক্ষে নিয়ে এসআই ফের বাতেন টেকনাফে আসেন। এর পর থেকে চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ ওঠে এসআই বাতেনের বিরুদ্ধে। এ পরিপ্রেক্ষিতে সোমবার তাঁকে কুতুবদিয়া থানায় বদলি করা হয়।