টেকনাফ থানায় হামলা, ভাঙচুর গুলিবর্ষণ, পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহামঞ্চদ আবদুল্লাহর বাবা ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলী আহমদকে থানায় নেওয়া হয়। এর জের ধরে রাতে লাঠিসোঁটা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে টেকনাফ থানায় হামলা চালায় আবদুল্লাহর সহস্রাধিক সমর্থক। এ সময় স্থানীয় সাংসদের সমর্থকদের সঙ্গে আবদুল্লাহর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় অন্তত শতাধিক গুলির শব্দ শোনা গেছে। এসব ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।বিএনপির নেতা আবদুল্লাহ অভিযোগ করে বলেন, গত ৩১ আগস্ট একটি বেসরকারি টেলিভিশনে ইয়াবাসংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়। এর জের ধরে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে কক্সবাজার-৫ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, টেকনাফ সদর ইউপির সাবেক চেয়ারম্যান জাফর আহমদসহ একদল সন্ত্রাসী টেকনাফ বাজারে তাঁর মালিকানাধীন নাফকুইন মার্কেটে যান। ওখানে তাঁর বাবার কাছে টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। একপর্যায়ে সাংসদ আবদুর রহমান তাঁর বাবাকে নাজেহাল করেন। এরপর ঘটনাস্থলে যান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ওসির উপস্থিতি সাংসদের লোকজন তাঁর বাবাকে তুলে থানায় নিয়ে যায়। এ খবর জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী টেকনাফ থানায় আসে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আবদুল্লাহর বাবাকে আটকের খবরে কয়েক হাজার নারী-পুরুষ রাত আটটার দিকে লাঠিসোঁটা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে টেকনাফ থানায় ঢুকে পুলিশের ওপর হামলা চালায় এবং ফাঁকা গুলি ছোড়ে। ভাঙচুর করে থানার সীমানাপ্রাচীর। থানার বাইরে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় সাংসদ আবদুর রহমানের সমর্থক ও পুলিশের সঙ্গে আবদুল্লাহর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায়। রাত ১০টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই ঘটনায় টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার, উপপরিদর্শক (এসআই) রাজীব বড়ুয়া, সিপাহি সুমন, আবদুল্লাহর চাচাতো ভাই আলমগীর, পথচারী রেজাউল করিমসহ ২৫ জন আহত হন। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ বলেন, আটকের ঘটনাটি কেবল গুজব। একটি বিষয়ে সাংসদ আবদুর রহমানের সঙ্গে আলী আহমদের কথা হয়। সাংসদ ঘটনাস্থল থেকে চলে আসার পর আলী আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমসহ কয়েকজন থানায় আসেন তাঁর চায়ের নিমন্ত্রণে। থানায় বসে চা পানের সময় হাজার হাজার লোক থানায় হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আলী আহমদকে গাড়িতে করে তাঁর বাড়ি পৌঁছে দেয়। ওসি ফরহাদ বলেন, থানায় হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি চালায়। তবে কতটি গুলি ছোড়া হয়েছে নিশ্চিত করা যাচ্ছে না।এ ব্যাপারে সাংসদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি আবদুল্লাহর পরিকল্পিত। কয়েক দিন আগে টেকনাফের বিভিন্ন এলাকায় তাঁর নামের কিছু উন্নয়ন ফলক আবদুল্লাহর ভাইয়ের নেতৃত্বে ভাঙা হয়। বিষয়টি জানতে এলাকার প্রবীণ ব্যক্তি হিসেবে আলী আহমদের কাছে তাঁরা যান। ভাঙা ফলক সংস্কারের আশ্বাস পেয়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করে চলেও যান। এরপর একটি গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা ও থানা ভাঙচুর করা হয়েছে।