কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে আট লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। অবশ্য দুটি ঘটনায় কাউকে আটক করা যায়নি। এর মধ্যে একটি ঘটনায় পাচারকারীদের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়েছে। জব্দ করা হয়েছে একটি নৌকা। গত বুধবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকা এবং গতকাল বৃহস্পতিবার সকালে নাফ নদীর জলিলের দিয়া এলাকায় এ দুটি অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা বড়ির বড় একটি চালান আনা হবে, এমন তথ্য ছিল বিজিবির কাছে। রাত দেড়টার দিকে সেখানে অভিযানে যায় বিজিবি। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। তখন বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে নৌকায় থাকা চার পাচারকারী নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকা থেকে পলিথিনে মোড়ানো সাতটি ব্যাগের ভেতর থেকে সাত লাখ ইয়াবা বড়ি উদ্ধার করে।
অন্যদিকে গতকাল সকাল ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জলিলের দিয়া এলাকায় একটি বস্তা পড়ে থাকতে দেখে বিজিবি। বস্তায় এক লাখ ইয়াবা বড়ি ছিল।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, উদ্ধার করা ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।