ট্রাকের ভাড়া বাড়ানোর প্রতিবাদে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর থেকে ঢাকা ও চট্টগ্রামে ১২ দিন ধরে কাঠ পরিবহন বন্ধ রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি প্রচণ্ড রোদে নষ্ট হয়ে যাচ্ছে আমদানি করা কাঠ। বিষয়টি সমাধানে কাঠ ব্যবসায়ীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থলবন্দরের কাস্টমস সুপার আনোয়ার মাসুম জানান, এই বন্দর দিয়ে মিয়ানমার থেকে হিমায়িত মাছ ও বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্যের পাশাপাশি প্রতিদিন প্রচুর পরিমাণ কাঠ আমদানি হয়ে থাকে। ব্যবসায়ীদের নিজস্ব যানযাহন থাকায় মাছ পরিবহন সচল রয়েছে। কিন্তু নিজস্ব যানবাহন না থাকায় কাঠ পরিবহন বন্ধ রয়েছে। আনোয়ার মাসুম জানান, ১১ মে থেকে কোনো ট্রাক কাঠ নিয়ে বন্দর ছেড়ে যায়নি। ফলে সরকার প্রতিদিন গড়ে ২০ লাখ টাকা হিসাবে ১২ দিনে প্রায় আড়াই কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। কাঠ ব্যবসায়ী আবদুল নবী খান জানান, আগে টেকনাফ থেকে ঢাকায় ট্রাকভাড়া ছিল সাড়ে ২৭ হাজার টাকা। জ্বালানি তেলের দাম বাড়ানোর অজুহাতে এখন সেখানে দুই থেকে তিন হাজার টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে ৩০-৩১ হাজার টাকা। এ ছাড়া পণ্য পরিবহনে ঢাকার স্থানভেদে দুই হাজার, চালকের বকশিশ দুই হাজার ও ট্রাকবডির বাইরে কাঠ গেলে অতিরিক্ত আরও এক হাজার টাকা আদায় করা হয়। আবদুল নবী খান বলেন, টেকনাফ থেকে ঢাকাগামী ট্রাকে ২০০ লিটার জ্বালানি ব্যবহূত হয়। জ্বালানি তেলের মূল্য লিটারপ্রতি দুই টাকা বৃদ্ধি পেলে ট্রাকভাড়া দাঁড়ায় প্রায় ২৮ হাজার টাকা। কিন্তু ট্রাকের মালিকেরা তা না মেনে অন্যায়ভাবে দুই থেকে তিন হাজার টাকা অতিরিক্ত ভাড়া দাবি করছেন। জানতে চাইলে টেকনাফ ট্রাক মালিক সমিতির সভাপতি দিদার হোসেন প্রথম আলোকে বলেন, ‘জ্বালানি তেল, টায়ার ও যন্ত্রপাতির দাম বাড়ায় ট্রাকের ভাড়া বাড়ানো হয়েছে।’ কাস্টমস সুপার জানান, কাঠ পরিবহন বন্ধ থাকায় ছয় শতাধিক ট্রাকের কাঠ স্থলবন্দরে মজুদ রয়েছে। তার ওপর খালাসের অপেক্ষায় রয়েছে ২৮টি ট্রলারের কাঠ। একেকটি ট্রলারে ১০ থেকে ১২ ট্রাক কাঠ আছে।