টেকনাফ থেকে তেঁতুলিয়া চট্টগ্রামের'খলিফাপট্টি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলির দুই পাশে সারি সারি দর্জি দোকান। রংবেরঙের পোশাক ঝুলছে দোকানজুড়ে। গলি ধরে চলতে চলতে কানে আসে সেলাই মেশিনের বিরামহীন শব্দ। ঈদ সামনে রেখে চট্টগ্রাম নগরের খলিফাপট্টি সারাক্ষণ এভাবে জেগে থাকছে। খলিফাপট্টির রিফাত ফ্যাশন নামের দর্জিবাড়ির মালিক আবু সায়েমের কথায়, ‘এখানকার তৈরি পোশাক টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যায়। ঈদ সামনে রেখে এখন সব দোকানই ব্যস্ত।’

সরেজমিনে দেখা গেছে, খলিফাপট্টির সব দোকানি পোশাক তৈরিতে ব্যস্ত। প্রতিটি দোকানের সামনের অংশে পোশাক সাজিয়ে রাখা হয়েছে। ভেতরের দিকে সারি সারি সেলাই মেশিন। বিভিন্ন অঞ্চল কিংবা মার্কেটের ক্রেতা এসে তা দরদাম করে নিয়ে যাচ্ছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষের পোশাক তৈরি হচ্ছে। আবদুল কাদের নামে এক দোকানি বলেন, ‘শিশু-কিশোরদের পোশাক বেশি চলে। রোজার আগে থেকে আমরা ঈদের প্রস্তুতি নিই। প্রতিদিন কিছু কিছু বেচাবিক্রি হয়। তবে ঈদের সময় এটা বেশি হয়, যার জন্য এখন সেহরির সময় পর্যন্ত কাজ করতে হচ্ছে।’ খলিফাপট্টি বণিক কল্যাণ সমিতির হিসাবে এখানে দোকানের সংখ্যা পাঁচ শতাধিক। এসব দোকানে সাত হাজারের মতো শ্রমিক কাজ করেন।

বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল হুদা বলেন, ‘ধনী, গরিব, মধ্যবিত্ত সবার পোশাকই তৈরি হয় এখানে। নগরের শীতাতপনিয়ন্ত্রিত মার্কেট থেকে শুরু করে গ্রামের মার্কেটের পোশাকের চাহিদাও রয়েছে আমাদের কাছে।’

নুরুল হুদা এই খলিফাপট্টিতে আসেন পাকিস্তান আমলে। তাঁর কাছে শোনা গেল ইতিহাস। তিনি জানান, ‘১৯৪৭ সালে দেশভাগের পর আইয়ুব আলী সওদাগরের নেতৃত্বে কয়েকজন দর্জি কলকাতা থেকে এই জায়গায় এসে সেলাইকাজ শুরু করেন। সেই থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে খলিফাপট্টির নাম। এখনো আমরা প্রতিবছর আইয়ুব আলী সওদাগর স্মরণে সভা করি।’ ফাইভ স্টারের মালিক মো. শাহজাহান প্রথম দিকে অন্যের দোকানে কাজ করেছেন। এখন নিজের দোকান রয়েছে। আছে পাঁচজন কর্মচারী। শাহজাহান জানান, ‘এই একটি মাস রাত জেগে চলে কাজ। বংশপরম্পরায় চলছে এখানকার দর্জিপাড়া। দর্জিরা বেশির ভাগ নোয়াখালী অঞ্চলের।’