টেকনাফ থেকে তেঁতুলিয়ায় 'জাগরণ যাত্রা' শুরু কাল
সাঈদীর রায় পুনর্বিবেচনার আবেদন, মানবতাবিরোধী অপরাধীদের বিচারে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিত করা ও জামায়াত-শিবির নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া ‘জাগরণ যাত্রা’ করবে গণজাগরণ মঞ্চ।
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, উচ্চ আদালতে সাঈদীর শাস্তি কমে যাওয়া মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারেনি। তাই সাম্প্রতিক পরিস্থিতিতে সুনির্দিষ্ট ছয় দফা সামনে রেখে এ কর্মসূচি নেওয়া হয়েছে। জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা উপলক্ষে আজ সকাল ১০টা থেকে রায় ঘোষণার আগ পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দফায় এই ‘জাগরণ যাত্রা’ আয়োজন করা হবে। প্রথম দফায় আগামীকাল বৃহস্পতিবার বিভিন্ন জেলা ও থানা শহর হয়ে তেঁতুলিয়া যাবেন মঞ্চের নেতা-কর্মীরা। দ্বিতীয় দফায় টেকনাফে যাবেন তাঁরা। ওই তারিখ পরে জানানো হবে।
নতুন কর্মসূচি অনুযায়ী, কাল সকাল আটটায় শাহবাগ থেকে যাত্রা শুরু করে বেলা দুইটায় ঝিনাইদহ, বিকেল সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা, পাঁচটায় মেহেরপুর ও সন্ধ্যা সাতটায় কুষ্টিয়ায় পথসভা ও সমাবেশ হবে। শুক্রবার সকাল নয়টায় ঈশ্বরদী, সাড়ে ১০টায় নাটোর, দুপুর ১২টায় পুঠিয়া ও বেলা তিনটায় রাজশাহী ও বিকেল পাঁচটায় নওগাঁয় একই কর্মসূচি রয়েছে। শনিবার সকাল ১০টায় জয়পুরহাট, বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী, বিকেল চারটায় নীলফামারী, সাড়ে পাঁচটায় দেবীগঞ্জ ও সন্ধ্যা সাতটায় পঞ্চগড়ে সমাবেশ করবে তারা। রোববার সকাল ১০টায় তেঁতুলিয়ায় পথসভা করে ঢাকার উদ্দেশে রওনা করবে ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের এই অংশটি।