টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আইএস খুঁজে বেড়াচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আইএস খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কোথাও এই নামে কোনো সংগঠন পাইনি।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা আগুন-সন্ত্রাস করেছিল, তারাই পেছনে একটি কালো পর্দা লাগিয়ে আইএস লিখে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। গুলশান হামলার পর যখন আমরা এর উৎস খুঁজে বের করার চেষ্টা করলাম, তখন দেখলাম, এরা একই। সেই একই জায়গা থেকে নিয়ন্ত্রিত, একই স্থান থেকে এদের টাকা জোগান দেওয়া হয়। এরাই আগুন-সন্ত্রাসী, এরাই জেএমবি, হুজি, হিযবুত তাহ্রীর। এরাই জামায়াত-শিবির।’ তিনি আরও বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার পৃষ্ঠপোষক অনেকে আছেন, খুব শিগগিরই তা জানতে পারবেন। এদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
আওয়ামী শিল্পীগোষ্ঠীর সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম প্রমুখ।