টেকনাফ থেকে নিখোঁজ দুটি ট্রলার ভাসতে ভাসতে হাতিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে গত সোমবার দিবাগত রাতে নিখোঁজ দুটি ট্রলার ভাসতে ভাসতে গতকাল বুধবার বিকেলে নোয়াখালীর হাতিয়ায় এসে পৌঁছেছে।

স্থানীয় লোকজন জানান, গতকাল বুধবার বিকেলে ঝোড়ো হাওয়ায় ভাসতে ভাসতে প্রথম ট্রলারটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কাদিরার ঘাটে এসে পৌঁছায়।

এই ট্রলারের জেলেরা হলেন আবদুল্লাহ, আতা উল্লাহ, নুরুল আলম, আবদুল মালেক ও ছৈয়দ আলম। তাঁরা সবাই সুস্থ আছেন।

ট্রলারের চালক আতা উল্লাহ বলেন, মাছ ধরার সময় প্রচণ্ড ঝড়ে তাঁদের ট্রলার বঙ্গোপসাগরের গভীরে চলে যায়। একপর্যায়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে তাঁরা সাগরে ভাসতে থাকেন। পরে ভাসতে ভাসতে তাঁরা হাতিয়া পৌঁছান।

প্রথম ট্রলারটি পৌঁছার কিছু সময় পর দ্বিতীয় ট্রলারটি কাদিরার ঘাটে এসে পৌঁছায়। এই ট্রলারের মাঝিরা হলেন সাইফুল্লা, রহমত উল্লাহ, করিম উল্লাহ, সেলিম উল্লাহ ও সফিউল্লাহ।

১০ জেলের সবার বাড়িই টেকনাফে। কাদিরার ঘাটের কোল্ড স্টোরের মালিক আবদুর রহমান প্রথম আলোকে জানান, এলাকায় ফিরে না যাওয়া পর্যন্ত জেলেরা তাঁর কাছে থাকবেন।

টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল আলীম প্রথম আলোকে জানান, ১০ জেলেকে ফিরিয়ে আনতে তাঁরা হাতিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।