টেকনাফ দিয়ে মিয়ানমারে চাল পাচার বন্ধ হচ্ছে না!
কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারে চাল পাচার বন্ধ হচ্ছে না। টেকনাফের তুলনায় মিয়ানমারে চালের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় চাল পাচার বেড়েই চলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী প্রথম আলোকে বলেন, নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, মৌলভীপাড়া, নাজিরপাড়া ও বড়ইতলি, কেরুনতলি, হ্নীলার জাদিমুরা, মোচনি, লেদা, নাটমুরাপাড়া, রঙ্গিখালী, মৌলভীবাজার, ওয়াব্রাং, হোয়াইক্যংয়ে ঝিমংখালী, খারাংখালী, লম্বাবিল ও উনছিপ্রুং এলাকা দিয়ে প্রতিদিন চোরাকারবারিরা মিয়ানমারে চাল পাচার করছে। গতকাল বুধবার উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকা থেকে ১৩ বস্তা চালসহ আলী জোহার (২৪) নামের মিয়ানমারের এক নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হওয়া আলী জোহার বলেন, সাম্প্রতিক দাঙ্গার পর থেকে মিয়ানমারে চালসংকট চলছে। টেকনাফের বেশ কয়েকজন চোরাকারবারির যোগসাজশে তিনি চাল নিয়ে যাচ্ছিলেন। রমজান মাসে মিয়ানমারে প্রতি কেজি চাল ৮৫-৯৫ টাকায় বিক্রি হচ্ছে। সেই চালই টেকনাফে ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়। লাভ বেশি হওয়ায় এর আগেও তিনি কয়েকবার চাল নিয়ে মিয়ানমার যান। চালসহ এক ব্যক্তিকে আটকের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক জাহিদ হাসান বলেন, চলতি বছরের ২ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ৫৫ প্রায় মেট্রিক টন চালসহ ছয়জন পাচারকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, চোরাকারবারি চক্রের সদস্যরা মিয়ানমারে চাল পাচার করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।