কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে সাত দিন ধরে কাঠভর্তি ট্রাক চলাচল বন্ধ রয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ট্রাকমালিকেরা প্রতি ট্রাকে এক হাজার থেকে তিন হাজার টাকা ভাড়া বাড়িয়েছেন অভিযোগে চট্টগ্রাম ও ঢাকায় কাঠ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে।স্থলবন্দরের ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকার জ্বালানি, যোগাযোগ ও এনার্জি রেগুলেটরি কমিশনের মধ্যে সমন্বয় না করে হঠাৎ করে তেলের দাম বাড়িয়ে দেওয়ায় যানবাহনের মালিকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি তাঁরা হয়রানির শিকার হচ্ছেন।কাস্টমস সূত্র জানায়, সরকার হঠাৎ প্রতি লিটার তেলের দাম দুই টাকা বাড়িয়ে দিলে ট্রাকের মালিকেরা ভাড়া বাড়িয়ে দেন। এতে কাঠ পরিবহন বন্ধ হয়ে যায়। এতে দিনে ২০-২৫ লাখ টাকার রাজস্ব কম আদায় হচ্ছে।টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আনোয়ার মাসুম প্রথম আলোকে জানান, টেকনাফ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৩০-৪০টি ট্রাকভর্তি কাঠ চট্টগ্রাম ও ঢাকায় সরবরাহ করা হয়। এতে সরকার রাজস্ব পেত প্রায় ৩০ লাখ টাকা। সাত দিনে কোনো ট্রাক বন্দর থেকে ছেড়ে যায়নি। ফলে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।জানা গেছে, ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১০ বছরে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে নয়বার। অন্যদিকে দাম কমেছে মাত্র দুবার। এবার ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি দুই টাকা। তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে পরিবহনের মালিকেরাও ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দেন। পরে ভাড়া নির্ধারণ করে দেওয়া হলেও তা কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে।স্থলবন্দরের কাঠ ব্যবসায়ী আবদুল নবী খান জানান, প্রতিবারই জ্বালানি তেলের দাম বাড়লে ব্যবসায়ীরা বেশি হয়রানির শিকার হন। টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক (হিসাব) আবদুল খালিদ জানান, সাত দিন ধরে ব্যবসায়ীরা কাঠভর্তি কোনো ট্রাকের ছাড়পত্র নিচ্ছেন না।টেকনাফ ট্রাকমালিক সমিতির সভাপতি দিদার হোসেন জানান, তেলের দাম বাড়ায় ট্রাকের ভাড়া বাড়ানো হয়েছে। বাড়তি ভাড়ার জন্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে আলোচনা করা যেত। কিন্তু তাঁরা সেটা না করে মালামাল পরিবহন বন্ধ করে দেওয়ায় আমদানিকারকেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।