টেকনাফ-শামলাপুর সড়কজুড়ে ভাঙন
কক্সবাজারের টেকনাফ থেকে শামলাপুর পর্যন্ত ৩১ কিলোমিটার সড়কের তিন শতাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী ৬০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এসব ভাঙন দেখা দেয়।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, লেঙ্গুরবিল, হাবিরছড়া, হাতিয়ারঘোনা, মিঠাপানিরছড়া, রাজারছড়া, কচ্ছপিয়া, শীলখালী, মাথাভাঙ্গা, বড়ডেইল, জাহাজপুরা, চৌকিদারপাড়া, বাইন্ন্যাপাড়া, আছারবনিয়া, হলবনিয়া, মনখালীসহ বিভিন্ন এলাকায় সড়কের দুপাশে ভাঙনের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অনেক জায়গায় পিচ উঠে গেছে। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
বাসচালক নুরুল আমিন বলেন, পর্যটকদের কাছে টেকনাফ-কক্সবাজার সড়কের চেয়ে এ সড়ক আকর্ষণীয়। সড়কের একপাশে সমুদ্র, আরেক পাশে পাহাড় হওয়ায় প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য পর্যটকেরা এই সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যাত্রী পরিবহনে দুর্ভোগ বেড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, টেকনাফ-কক্সবাজার সড়কের বিকল্প হিসেবে মেরিন ড্রাইভ নামে টেকনাফ-শামলাপুর ভায়া কক্সবাজার সড়ক ২০০৭ সালে নির্মিত হয়। এর পর থেকে দেশি-বিদেশি পর্যটকেরা হিমছড়ি ঝরনা, ইনানী ও শীলখালী পাথরের স্তূপ, জাহাজপুরা গর্জন বাগান, হোয়াইক্যং কুদুমগুহা ও সেন্ট মার্টিন দ্বীপ দেখতে যায় এই পথে।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ বলেন, সড়কটি দিয়ে দুই ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষসহ পর্যটকেরা চলাচল করে। সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দ সৃষ্টি হয়ে লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাঁরা বলেন, পর্যটন মৌসুম শুরুর আগে সড়কের সংস্কার করা না হলে পর্যটক ও স্থানীয় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। সড়কের দুরবস্থার কারণে এ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
টেকনাফ উপজেলা প্রকৌশলী আমিন উল্লাহ বলেন, গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পুরো সড়কে ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।