টেকনাফ সীমান্ত দিয়ে পাচার হচ্ছে ইউরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার ১৪টি পয়েন্ট দিয়ে মিয়ানমারে পাচার হচ্ছে ইউরিয়া সার। মিয়ানমারে সারের দাম বেশি হওয়ায় একটি চক্র নাফ নদ অতিক্রম করে কৃষকের ভর্তুকির সার পাচার করছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২ অক্টোবর উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকা দিয়ে মিয়ানমারে পাচারকালে বিডিআর ৫০ কেজি ওজনের ৩০ বস্তা ইউরিয়া জব্দ করে। এর আগে গত ২২ সেপ্টেম্বর নিলা বিডিআর সদস্যরা পাচারের সময় জব্দ করে ৪৮ বস্তা সার। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এর আগে গত জুন ও জুলাই মাসে বিডিআর সদস্যরা হোয়াইক্যং ইউনিয়নের ওয়াব্রাং ও ঝিমংখালী সীমান্ত দিয়ে পাচারের সময় ২১৩ বস্তা সার উদ্ধার করেন। নিলা বিডিআর ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম জানান, বিস্তীর্ণ সীমান্ত এলাকার কয়েকটি পয়েন্ট দিয়ে রাতের আঁধারে সার পাচারের ঘটনা ঘটছে। নিলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের কৃষক নবী হোসেন ও আলী আহমদ জানান, পাচারকারীরা ট্যাক্সি, রিকশা ও ভ্যানে বোঝাই করে নাফ নদের পাড়ে সার নিয়ে যায়, আর সন্ধ্যার পর রোহিঙ্গাদের কাছে তা বিক্রি করে। রোহিঙ্গারা এসব সার নৌকায় করে মিয়ানমারে নিয়ে যায়। বর্তমানে ৫৭০ টাকা দামের প্রতি বস্তা ইউরিয়া মিয়ানমারে বিক্রি হচ্ছে এক হাজার ৫৯০ টাকায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, কৃষকের ভর্তুকির সার চোরাইপথে মিয়ানমারে পাচারের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন জানান, অন্যান্য বছরের তুলনায় চলতি বছর সার পাচার অনেক কম হচ্ছে। বিডিআরকে সতর্কাবস্থায় রাখায় প্রতিদিন কোনো না কোনো সীমান্ত দিয়ে পাচারের সময় সার ধরা পড়ছে। সার পাচারে জড়িত ২০ জনের একটি তালিকা তাঁদের কাছে রয়েছে। তাদের ধরার জন্য চেষ্টা চলছে।