টেকনাফ সীমান্ত বাণিজ্যগতিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিনের পাস নিয়ে মিয়ানমারের ব্যবসায়ীরা টেকনাফ এসে সড়কপথে চট্টগ্রাম-ঢাকা পর্যন্ত চলে যান। তারপর বাজার ঘুরে পছন্দের পণ্যটি কিনে টেকনাফ স্থলবন্দরের মাধ্যমে নিয়ে যান মিয়ানমারে। কিন্তু বাংলাদেশি ব্যবসায়ীরা যেতে পারছেন মিয়ানমারের মংডু শহর পর্যন্ত। বিভাগীয় শহর আকিয়াব যেতে পারছেন না গত ১০ মাস ধরে। বাংলাদেশিদের আকিয়াব যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ রয়েছে।

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক সাইফুল করিম জানান, আগে তিনি মিয়ানমারের আকিয়াব থেকে বিপুল পরিমাণ কাঠ, হিমায়িত মাছ, ডাল, মরিচ, ছোলা, শুঁটকিসহ বিভিন্ন পণ্য ট্রলার বোঝাই করে সমুদ্রপথে টেকনাফ স্থলবন্দরে নিয়ে আসতেন। তারপর কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ দিতেন। কিন্তু গত বছরের জুন মাসে আরাকান রাজ্যে জাতিগত দাঙ্গা দেখা দিলে মিয়ানমার দুই দেশের সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেয়। এরপর সাড়ে পাঁচ মাস পর সীমান্ত বাণিজ্য চালু করলেও বাংলাদেশি ব্যবসায়ীদের আকিয়াব যেতে দেওয়া হচ্ছে না।

ব্যবসায়ীরা জানান, এখন সাত দিনের সীমান্ত পাস বাবদ ৫০০ টাকা রাজস্ব পরিশোধ করে ব্যবসায়ীরা মিয়ানমারের মংডু পর্যন্ত যেতে পারছেন। কিন্তু সেখানে কিনে আনার মতো কোনো পণ্য মিলছে না। দালালের মাধ্যমে আকিয়াব থেকে মালামাল আনতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। দালালেরা টাকাসহ আত্মগোপন করছেন বিভিন্ন সময়ে। ফলে আমদানি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।

স্থল বন্দরের কাস্টমস সূত্র জানায়, মিয়ানমার থেকে আমদানি পণ্য কমে যাওয়ায় বন্দরের রাজস্বও কমে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০১২-১৩ অর্থবছরে টেকনাফ স্থলবন্দরের মাসিক রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় পাঁচ কোটি ৪১ লাখ ৬৬ হাজার টাকা। কিন্তু গত জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সাত দিনের বিপরীতে তাঁরা ৫০০ টাকার ভ্রমণ কর দিয়ে মিয়ানমার গেলেও সে দেশের মংডুতে তিন দিন থাকতে দেওয়া হয়। আকিয়াব পর্যন্ত যেতেই দেয় না। অথচ মিয়ানমারের ব্যবসায়ীরা সাত দিনের অনুমতি নিয়ে টেকনাফে এসে সরাসরি চট্টগ্রাম, ঢাকাসহ সারা দেশে অবাধ বিচরণ করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো তদারকি নেই।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তৌহিদুল আনোয়ার বলেন, বাংলাদেশি ব্যবসায়ীদের আকিয়াব পর্যন্ত যাতায়াত-সুবিধা চালুর বিষয়ে মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার তাগাদাপত্র পাঠানো হয়েছে। কিন্তু কোনো সাড়া মিলছে না। দাঙ্গার পর থেকে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। বাংলাদেশি ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হওয়ায় আমদানি বাণিজ্যে প্রভাব পড়ছে।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘এখন মিয়ানমার থেকে কাঠ ও মাছ আমদানি হওয়ায় বন্দরটি সচল রয়েছে। অন্য পণ্যসামগ্রীর আমদানি কমে যাওয়ায় আশানুরূপ রাজস্বও আদায় হচ্ছে না। সীমান্ত বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আনতে ব্যবসায়ীদের হয়রানি ও বৈষম্য দূর করা জরুরি।’