টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ কারণে সোমবার সকাল থেকে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
টেকনাফ উপজেলা প্রশাসন সূত্র জানায়, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী আটটি জাহাজের কর্তৃপক্ষকে ওই বিষয়ে অবহিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজগুলোর চলাচল বন্ধ থাকবে।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউটিএ নৌবন্দর থেকে আটটি জাহাজে করে ৫ হাজারের মতো পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে যান। এর মধ্যে প্রায় ২ হাজার পর্যটক বিকেলে ফিরে আসেন। রাতযাপনের জন্য সেন্ট মার্টিনে রয়েছেন প্রায় ৩ হাজার পর্যটক।
রোববার রাতে জাহাজ চলাচল বন্ধের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী। তিনি বলেন, সতর্কসংকেত তুলে নেওয়া হলে সেন্ট মার্টিনে থাকা পর্যটকদের ফিরিয়ে আনা হবে।