টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ঝুঁকি নিয়ে চলছে দুটি জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলসিটি কুতুবদিয়া ও এলসিটি কাজল নামের দুটি জাহাজ। জাহাজ দুটির চলাচলের সক্ষমতা নেই। এই দুটি জাহাজের চলাচল বন্ধ করার সুপারিশ করা হয়েছে বলে জানান নৌপরিবহন অধিদপ্তরের তদন্ত কমিটির প্রধান।

গতকাল রোববার নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানান তদন্ত দলের প্রধান অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াস উদ্দিন।

গত ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথ: ৭ ডুবোচর, ঝুঁকি নিয়ে চলাচল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নৌপরিবহন অধিদপ্তর বিষয়টি তদন্তে কমিটি গঠন করে।

তদন্ত দলের অন্য সদস্যরা ছিলেন অধিদপ্তরের ঢাকা নদীবন্দরের সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান, মুখ্য পরিদর্শক শফিকুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামশুল আলম। গত শুক্রবার তদন্ত দল টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী ছয়টি জাহাজ পরীক্ষা-নিরীক্ষা করে।

তদন্ত দলের প্রধান ক্যাপ্টেন গিয়াস উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী ছয়টি জাহাজ (কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, এমভি বাঙ্গালী, এলসিটি কুতুবদিয়া, এলসিটি কাজল ও বে ক্রুজ) পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এগুলোর মধ্যে এলসিটি কাজল ও এলসিটি কুতুবদিয়া চরম ঝুঁকি নিয়ে পর্যটক বহন করেছে। এই দুটি জাহাজের চলাচলের মতো সক্ষমতা নেই। দুটি জাহাজ পুরোনো ও পরিত্যক্ত। তা ছাড়া অতিরিক্ত পর্যটক বহনের জন্য নকশাবহির্ভূতভাবে জাহাজ দুটি সম্প্রসারণ করা হয়েছে। যে কারণে জাহাজ দুটি যেকোনো সময় দুর্ঘটনায় পড়তে পারে। তাই জাহাজ দুটির চলাচল দ্রুত বন্ধ করার সুপারিশসংবলিত তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এলসিটি কুতুবদিয়া জাহাজের পরিচালক মো. আজিজ সাংবাদিকদের বলেন, প্রশাসনিক নির্দেশ না পাওয়া পর্যন্ত জাহাজ চলাচল করবে।

গত শনিবার সকালে টেকনাফের দমদমিয়া জেটিঘাটে গিয়ে কথা হয় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আসা পর্যটক আমজাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ভ্রমণে আসা লোকজন বোঝেন না, কোন জাহাজ ভালো, আর কোন জাহাজ সাগরে চলাচলের অনুপযোগী। আমজাদ বলেন, চলাচলের অনুপযোগী জাহাজগুলো দ্রুত সরিয়ে নেওয়া উচিত।

এমভি গ্রিনলাইন জাহাজের পরিচালক সুলতান আহমদ বলেন, মার্চ-এপ্রিল মাসে সমুদ্রে নানা দুর্যোগ দেখা দেয়। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে গত ১ মার্চ থেকে তাঁদের জাহাজের চলাচল বন্ধ রাখা হয়েছে।

এমভি বাঙ্গালী জাহাজের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ বলেন, ৩১ মার্চের পর থেকে তিনিও এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখবেন। তিনি বলেন, চলাচলের অনুপযোগী জাহাজ চলাচল বন্ধ না হলে পর্যটকেরা বিপদে পড়তে পারেন।