টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ২৬ দিন ধরে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ সুযোগে ওই নৌপথে চলাচল করছে অর্ধশতাধিক ফিটনেসবিহীন ট্রলার। পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই এসব ট্রলারে যাতায়াত করছে।টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলের সুবিধার্থে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কেয়ারি সিন্দাবাদ ও এলসিটি কুতুবদিয়া নামের দুটি জাহাজকে সারা বছর চলাচলের অনুমতি দেয়। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখিয়ে গত ১০ এপ্রিল এলসিটি কুতুবদিয়া ও ১১ জুন কেয়ারি সিন্দাবাদকে টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। ফলে সহস্রাধিক যাত্রীকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে উত্তাল সাগর পাড়ি দিতে হচ্ছে।টেকনাফের কায়ুকখালীয়া ঘাট হয়ে ট্রলারে করে গতকাল শনিবার সেন্ট মার্টিনে যাচ্ছিলেন বিএন উচ্চবিদ্যালয়ের শিক্ষক শাহ জামাল সরকার। তিনি বলেন, সাগর ও নাফ নদীতে চলাচলের অনুপযোগী এসব নৌযানে জীবন রক্ষাকারী জ্যাকেট, বয়া বা অন্যান্য সরঞ্জাম নেই। কিন্তু ২৬ দিন ধরে জাহাজ চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ এসব ট্রলারে করে কর্মস্থলে যেতে হচ্ছে। সেন্ট মার্টিনের পল্লি চিকিৎসক আবদুল মোতালেব এবং বাসিন্দা ছৈয়দ আলমও ছিলেন ওই ট্রলারে। তাঁরা জানান, পারিবারিক প্রয়োজনীয় কেনাকাটা করতে তাঁরা মঙ্গলবার সকালে টেকনাফে এসেছিলেন। তখন ট্রলারে তেমন চাপ ছিল না। কিন্তু বাড়ি ফেরার সময় ট্রলারের মালামালসহ ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছে। যেকোনো সময় ট্রলার ডুবে যাত্রীদের প্রাণহানি ঘটতে পারে। কিন্তু স্থানীয় প্রশাসনের কোনো তদারকি নেই বলে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।কায়ুকখালীয়া ঘাটে ট্রলারের একজন টিকেটবিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে প্রতিদিন পাঁচ-সাতটি ট্রলারে করে সহস্রাধিক লোক যাতায়াত করছে। এভাবে ট্রলারে করে সাগর ও নদী পারাপারে জীবনের কোনো নিরাপত্তা নেই বলেও তিনি স্বীকার করেন। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন এলাকাবাসী ও পর্যটকদের সুবিধার্থে সরকারি ব্যবস্থাপনায় একটি জাহাজ চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করেন। জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক মোহামঞ্চদ শাহ আলম জানান, তাঁদের জাহাজটির এখন মেরামতকাজ চলছে। আগামী মাসে জাহাজটি আবার চালু করা সম্ভব হবে। এলসিটি কুতুবদিয়া জাহাজের পরিচালক আবদুর রহমান জানান, চট্টগ্রাম ডকইয়ার্ডে তাঁদের জাহাজটির মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে আবার তা নিয়ে আসা হবে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী ট্রলারগুলোর অনুমোদন এবং ফিটনেস সনদ আছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হচ্ছে। এ ছাড়া যেসব ট্রলারে জীবন রক্ষাকারী জ্যাকেটসহ অন্যান্য সরঞ্জাম নেই, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।