টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সাত দিন ধরে ট্রলার চলাচলবন্ধ
কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সাত দিন ধরে ট্রলার চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনের আট হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে স্থানীয় বাজারে খাদ্যদ্রব্যের সংকট দেখা দিয়েছে।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় টেকনাফের কায়ুকখালীয়া ঘাটে দেখা যায়, সেন্ট মার্টিনের ২০-২৫ জন যাত্রী ঘাটে টিকিটের জন্য অপেক্ষা করছেন।
এ সময় দ্বীপের বাসিন্দা সালাউদ্দিন বলেন, ‘পারিবারিক কাজে ২৩ মে সকালে ট্রলারে করে টেকনাফ আসি। পরে কক্সবাজার গিয়ে কিছু জিনিসপত্র কিনে বাড়িতে যাওয়ার জন্য কায়ুকখালীয়া ঘাটে এসে সতর্কসংকেত থাকায় কোনো ট্রলার দ্বীপের উদ্দেশে ছেড়ে না যাওয়ায় হোটেলে থাকতে হচ্ছে।’ এ সময় নুরুল আলম, খোরশেদ আলম, মো. ইউনুচ, আবদুর রহমান, ছেমন বাহারও একই কথা বলেন।
কায়ুকখালীয়া ঘাটে টিকিট বিক্রেতা ছৈয়দ আলম জানান, এই নৌপথে প্রতিদিন ছয়টি করে ট্রলার খাদ্যদ্রব্য ও লোকজন নিয়ে আসা-যাওয়া করে আসছিল। কিন্তু আজ এক সপ্তাহ ধরে সতর্কসংকেত থাকায় স্থানীয় প্রশাসন কোনো ট্রলার ছেড়ে যেতে দিচ্ছে না। এতে প্রতিদিন কয়েক শতাধিক লোক মালামাল নিয়ে কাউন্টারে এসে ফেরত যাচ্ছে। তারা ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, চাল, তেল, ডাল, তরিতরকারি ও জ্বালানি টেকনাফ থেকে এনে স্থানীয় বাসিন্দাদের চাহিদা মেটানো হতো। কিন্তু ট্রলার চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাজারে জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে।
নুরুল আমিন আরও বলেন, এই নৌপথে স্থানীয় ও পর্যটকের সুবিধার্থে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কেয়ারি সিন্দাবাদ ও এলসিটি কুতুবদিয়া নামের দুটি জাহাজকে সারা বছর চলাচলের অনুমতি দেয়। কিন্তু বর্ষা মৌসুমের শুরুতে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে।
কেয়ারি সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ৫ মে কালবৈশাখীর পর মহাসেনের ৭ নম্বর বিপৎসংকেত এবং বর্তমানে ৩ নম্বর সতর্কসংকেতে সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসন জাহাজ চলাচল বন্ধ করে দেয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বলেন, একের পর এক সংকেত থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এই রুটে জাহাজ ও ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে আবার চলাচলের অনুমতি দেওয়া হবে।