টেকনাফ-সেন্ট মার্টিন পথে জাহাজ বন্ধ ২৯ দিন
কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ২৯ দিন ধরে জাহাজ চলাচল বন্ধ। এ কারণে ট্রলারে করে প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে কেয়ারি সিন্দাবাদ জাহাজকে সারা বছর চলাচলের অনুমোদন দিয়েছিল। কিন্তু ২৯ মে থেকে যান্ত্রিক ক্রটির কারণে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসন এ পথে চলাচলকারী পাঁচটি সি-ট্রাক গত ৩০ মার্চ থেকে বন্ধ করে দিয়েছে। এতে এ পথে প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকসহ পাঁচ শতাধিক যাত্রীকে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে উত্তাল বঙ্গোপসাগর পাড়ি দিতে হচ্ছে। রোববার ট্রলারের যাত্রী ও সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা নুর আহমদ ও আমির হোসেন জানান, কক্সবাজারের আদালতে একটি মামলায় তাঁদের হাজিরা দিতে হবে। তাই সি-ট্রাক না থাকায় তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত করছেন। ঢাকার শাজাহানপুর থেকে বেড়াতে আসা পর্যটক নুরুল ইসলাম বলেন, ‘জাহাজ চলাচলের খবর শুনে সেন্ট মার্টিনের প্রবালদ্বীপে বেড়াতে এসেছিলাম। জাহাজ না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে যাচ্ছি।’ টেকনাফের কায়ুকখালিয়া ঘাট ইজারাদারের টিকিট বিক্রেতা আবুল কালাম বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন রুটে প্রতিদিন কয়েকটি ট্রলারে পাঁচ শতাধিক মানুষ যাতায়াত করে। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ খান বলেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপের দূরত্ব ৩৪ কিলোমিটার। এ দ্বীপে লোকসংখ্যা প্রায় ১৫ হাজার। এখন এ পথে পাঁচ শতাধিক লোকের যাতায়াতের একমাত্র বাহন ট্রলার। টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সি-ট্রাকটি বন্ধ হয়ে গেছে। জাহাজের বিভিন্ন অংশে মেরামতের কাজ চলছে। তিনি আরও বলেন, মেরামতের কাজ শেষ হলে যাত্রী পারাপারের জন্য এটি চালু করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, যেসব ট্রলারে যাত্রীরা নাফ নদী ও বঙ্গোপসাগর পারাপার হচ্ছে, সেগুলোর অধিকাংশের কোনো রুট পারমিট বা ফিটনেস নেই। যেকোনো সময় এসব ট্রলার ডুবে যাত্রীদের প্রাণহানি ঘটতে পারে।