টেকনাফ সৈকত থেকে ৮০ টন নিষিদ্ধ শামুক ঝিনুক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন টেকনাফের সমুদ্রসৈকত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই হাজার বস্তাভর্তি প্রায় ৮০ টন ওজনের নিষিদ্ধ শামুক-ঝিনুক জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নেকমের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে ধরা সম্ভব হয়নি।সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফ উপজেলার প্রায় ২০ কিলোমিটার সৈকতে পড়ে থাকা বিপুল পরিমাণ শামুক-ঝিনুক সংগ্রহ করে কতিপয় ব্যক্তি উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল ও কচ্ছপিয়া ঝাউবাগানের ভেতরে পাচারের জন্য মজুত করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, পরিবেশ অধিদপ্তরের ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট কর্মকর্তা মো. হাসিবুর রহমান, নেকমের (ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট) প্রকল্প কর্মকর্তা নারায়ণ দাশ ও বড়ডেইল গ্রাম সংরক্ষণ দলের সভাপতি হোসাইন আহমদ ঘটনাস্থলে গিয়ে দুই হাজার বস্তাভর্তি প্রায় ৮০ টন ওজনের নিষিদ্ধ শামুক-ঝিনুক উদ্ধার করেন।এর সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী, প্রতিবেশ সংকটাপন্ন সমুদ্রসৈকত থেকে শামুক-ঝিনুক আহরণ, পরিবেশন ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। কতিপয় ব্যক্তি এসব নিষিদ্ধ শামুক-ঝিনুক আহরণ করে পাচার করছিল। অভিযানের খবর পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।