টেকনাফ সৈকতে আরও চারটি লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত থেকে আজ শনিবার আরও চারটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো রোহিঙ্গা মুসলমানদের বলে নিশ্চিত করেছে পুলিশ। এ নিয়ে টেকনাফ উপকূল থেকে ৩৫ জন রোহিঙ্গা মুসলমানের লাশ উদ্ধার করা হলো।

মিয়ানমারের পশ্চিম উপকূলে গত সোমবার রাতে দুই শতাধিক রোহিঙ্গা মুসলমান নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় একজন ছাড়া অন্য সবাই মারা গেছে বলে দেশটিতে কর্মরত জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন। ঘূর্ণিঝড় ‘মহাসেন’ সামনে রেখে রাখাইন রাজ্যের নিম্নাঞ্চলের অস্থায়ী শিবির থেকে ওই রোহিঙ্গা মুসলমানদের নৌকায় করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছিল।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাবুল আজাদ প্রথম আলো ডটকমকে জানান, সামলাপুর সৈকত এলাকা থেকে আজ বেলা ১১টার দিকে চারটি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে দুজন শিশু ও অন্যরা নারী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস প্রথম আলো ডটকমকে জানান, এ নিয়ে টেকনাফ উপকূল থেকে ৩৫ জন রোহিঙ্গা মুসলমানের লাশ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসকের সিদ্ধান্ত ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার অনুরোধে ধর্মীয় রীতি অনুসরণ করে এসব লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।