কক্সবাজারের টেকনাফে স্থলবন্দর পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ডপোর্ট টেকনাফ লিমিটেডের ব্যবস্থাপক (হিসাব) জসিম উদ্দিন গত বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। চিকিত্সার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। মিয়ানমার থেকে আমদানি করা শুঁটকি খালাসকে কেন্দ্র করে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান ওরফে বদির ছোট ভাই আবদুল আমিন ও তাঁর লোকজন এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জসিম উদ্দিন টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেন। বন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মিয়ানমার থেকে এশিয়া এন্টারপ্রাইজের নামে আমদানি করা শুঁটকি নিয়ে দুটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়। শুঁটকি পরিমাপের সময় দেখা যায়, অতিরিক্ত এক হাজার ৬৪৪ কেজি শুঁটকির জন্য কোনো আইজিএম (বিল অব এট্রি) নেই। এতে বন্দর কর্তৃপক্ষ ট্রাক দুটিকে আউট পাস দিতে অস্বীকৃতি জানায়। এ সময় আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক দাবি করে আবদুল আমিন ক্ষিপ্ত হয়ে জসিম উদ্দিনকে প্রাণনাশের হুমকি দেন। রাত ১২টার দিকে আমিনের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী জসিম উদ্দিনের বাসভবনে গিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে জসিম উদ্দিন আহত হন। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় তাঁর বাসভবনের বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ ও র্যাব-৭-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। টেকনাফ স্থলবন্দরের প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) মো. সালাহ উদ্দিন বলেন, আমদানি করা অতিরিক্ত শুঁটকির জন্য স্থানীয় সাংসদ আবদুর রহমানের ভাই আবদুল আমিনের কাছে শুল্ক দাবি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি সদলবলে ইউনাটেড ল্যান্ডপোর্ট টেকনাফ লিমিটেডের ব্যবস্থাপক জসিম উদ্দিনের ওপর হামলা চালান। তিনি বলেন, হামলাকারীরা জসিম উদ্দিনের বাসভবন থেকে বিভিন্ন জিনিস ও দুটি মোবাইল ফোনসেট নিয়ে যায়।অভিযোগ অস্বীকার করে আবদুল আমিন বলেন, অনেক দিন ধরে স্থলবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে মিয়ানমার থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর শুল্ক হিসেবে অতিরিক্ত টাকা আদায় করে আসছিল। গতকাল তাঁর আমদানি করা শুঁটকিমাছের ওপর বন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা দাবি করলে তিনি এর প্রতিবাদ করেন। এতে জসিম উদ্দিনের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জসিম উদ্দিন তাঁর ওপর চড়াও হলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা আজিমুল ইসলাম জানান, জসিম উদ্দিনের মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিত্সার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে আবদুল আমিনসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে তদন্ত চলছে।