টেকনাফ স্থলবন্দর সচল
১৮ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু হয়েছে। সকালে উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগার্ড) হাতে আটক হওয়া কার্গো ট্রলারসহ মিয়ানমারের নয়জন নাগরিককে ছেড়ে দেওয়ার পর টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।গত রোববার সেন্ট মার্টিন উপকূলে মিয়ানমার থেকে আমদানি করা কাঠসহ একটি কার্গো ট্রলার এবং সে দেশের নয়জন নাগরিককে আটক করে কোস্টগার্ড। গত সোমবার সকালে তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়। এর প্রতিবাদে সোমবার বিকেল চারটা থেকে বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ করে দেয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বলেন, গত সোমবার রাতে টেকনাফ থানায় কোস্টগার্ডের করা অভিযোগ প্রত্যাহার এবং আটক করা মালামালসহ মিয়ানমারের নাগরিকদের ছেড়ে দেওয়ায় তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। তাই মঙ্গলবার সকাল ১০টা থেকে বন্দরে আমদানি-রপ্তানিসহ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন ব্যবসায়ীরা।এহতেশামুল হক আরও বলেন, ট্রলারে কোনো অবৈধ পণ্য ছিল না। তাই মালামালসহ ট্রলার ও মিয়ানমারের নাগরিকদের ছেড়ে দেওয়া হয়েছে।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, এটা ছিল ভুল বোঝাবুঝি। দুই পক্ষের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।