টেকনাফ স্থলবন্দর স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি পণ্যবোঝাই ১৩টি ট্রলার এসেছে। মিয়ানমারের আরাকান রাজ্যে সেনা সমাবেশ এবং নাফ নদী ও সাগরে নৌশক্তি বাড়ানোর কারণে গত দুই দিন (শনি ও রোববার) স্থলবন্দরে মিয়ানমারের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
গতকাল বিকেলে স্থলবন্দর পরিদর্শন করে দেখা গেছে, সেখানে মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে আসা ১৩টি ট্রলার থেকে আমদানিপণ্য খালাস করা হয়েছে।
বন্দরের কাস্টমস সূত্র জানায়, রোববার রাত নয়টা থেকে গতকাল সোমবার বেলা আড়াইটা পর্যন্ত মিয়ানমার থেকে আমদানিপণ্য আদা, হলুদ, কাঠ, মাষকলাই, বরই, তেঁতুল, শিমবিচি, ফেলন ডাল, শুঁটকি ও আচারবোঝাই ১৩টি ট্রলার স্থলবন্দরে ভিড়েছে।
আদা আমদানিকারক মীর কামরুজ্জামান বলেন, দুটি ট্রলারে করে তিনি প্রায় ৩০ মেট্রিক টন আদা এনেছেন। বিকেলে এসব আদা ট্রাক বোঝাই করে চট্টগ্রামের খাতুনগঞ্জে সরবরাহ দেওয়া হয়েছে।
সেন্ট মার্টিন কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লে. শহিদুল আল-আহসান জানান, সেন্ট মার্টিনের পূর্বে মিয়ানমারের মংডু থানার
হাসুরাতা ও কিলাডং এলাকায় সমুদ্রে যে তিনটি নৌবাহিনীর জাহাজ টহলে ছিল, গতকাল সোমবার সকাল থেকে ওই সব জাহাজ সেখানে দেখা যাচ্ছে না।
সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় গতকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে যাত্রী পারাপার শুরু হয়েছে।