টেকনাফ স্থলবন্দরে কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে গতকাল সোমবার থেকে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। মিয়ানমার থেকে কাঠ আমদানিকালে গত রোববার একটি ট্রলারসহ মিয়ানমারের নয়জন নাগরিককে আটকের ঘটনায় ব্যবসায়ীরা এ পদক্ষেপ নেন।গতকাল সোমবার বিকেল চারটা থেকে আনুষ্ঠানিকভাবে বন্দরে কার্যক্রম বন্ধ করে দেয় টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন।টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বলেন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভায় বন্দরে আমদানি-রপ্তানি, পণ্য ওঠানো-নামানো ও পণ্য পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত তাঁদের কার্যক্রম বন্ধ থাকবে।উল্লেখ্য, গত রোববার সকালে মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে শাকিল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের ৩৫০ ঘনফুট কাঠসহ মিয়ানমারের একটি ট্রলার সেন্টমার্টিন উপকূলে আটক করে কোস্টগার্ড। গতকাল সোমবার ট্রলারের সারেং ও কর্মীসহ মিয়ানমারের নয়জন নাগরিককে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এম এম নাজিম উদ্দিন বলেন, বিষয়টি জানার পর তিনি কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। কোস্টগার্ডের চট্টগ্রামের অপারেশন অফিসার লে. কমান্ডার মোহাম্মদ ইলিয়াছ বলেন, অবৈধ কাঠ ও মদ পাওয়ায় ট্রলারটি আটক করা হয়েছে।ব্যবসায়ী নেতা এহতেশামুল হক বলেন, ‘ট্রলারটি আটক করার পর কোস্টগার্ডের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কোস্টগার্ড জানিয়েছিল, কাগজপত্র পাওয়ার পর কাঠসহ ট্রলার ও মিয়ানমারের নাগরিকদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু তা না করে মিয়ানমারের নাগরিকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।’টেকনাফ স্থলবন্দর কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা আনোয়ার মাসুম বলেন, শাকিল ট্রেডার্স গত রোববার তাদের আমদানি করা কাঠের আইজিএম (ট্রলারে থাকা আমদানি করা পণ্যের তালিকা) জমা দিয়েছে।ইউএনও এ এম এম নাজিম উদ্দিন বলেন, বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, ট্রলারে ৮০ ক্যান বিয়ার, ১৫ বোতল রাম ও ১৮ বোতল ড্রাইজিন মদ পাওয়া গেছে। মিয়ানমারের নাগরিকেরা সাধারণত যে পরিমাণে মদ পান করে, সে তুলনায় উদ্ধার করা বিয়ার ও মদ কিছুই নয়।