টেকনাফ স্থলবন্দরে পণ্য খালাস বন্ধ
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে গতকাল মঙ্গলবার সকাল থেকে পণ্য খালাসের কাজ বন্ধ রয়েছে। ফলে মিয়ানমার থেকে আসা ২৫টি পণ্যবাহী ট্রলার থেকে পণ্য খালাস হয়নি। এ কারণে হিমায়িত মাছ ও পচনশীল আদাসহ অন্যান্য পণ্য নষ্ট হচ্ছে।
গত সোমবার রাতে বিজিবির ৪২ ব্যাটালিয়ন ইয়াবা বড়িসহ মো. জিয়াবুল ও মো. আয়াজ নামের দুজন টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করার ঘটনায় ব্যবসায়ী, ট্রাক মালিক ও শ্রমিক সংগঠন তাঁদের মুক্তি না দেওয়া পর্যন্ত বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়।
ব্যবসায়ীরা জানান, বিজিবি মাদক অভিযানের নামে সিআইপি মো. জিয়াবুল ও ব্যবসায়ী মো. আয়াজকে সাজানো নাটকের মাধ্যমে ৪৬ ও ৪৭ পিস ইয়াবা বড়ি দিয়ে মিথ্যা মামলা দায়ের করেছে। এর প্রতিবাদে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনা প্রমাণিত না হওয়া পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে।
স্থলবন্দরের শুল্ক তত্ত্বাবধায়ক (কাস্টমস সুপার) নুরে আলম প্রথম আলোকে বলেন, ধর্মঘটের কারণে রাজস্ব আদায়ে দৈনিক গড়ে ৩৫ লাখ টাকার বেশি ক্ষতি হচ্ছে। চলতি মাসে রাজস্ব আদায়ে এর প্রভাব পড়বে।