টেকনাফ সড়কে চলছে নৌযান
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পূর্ণিমার জোয়ারের পানিতে টেকনাফ উপজেলার ৩৭ গ্রামের কমপক্ষে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে শাহপরীর দ্বীপ-টেকনাফ সড়কের যোগাযোগ ১৪ দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে।সরেজমিনে গতকাল রোববার সকাল ১০টায় টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের হারিয়াখালী এলাকায় গেলে গাড়ির চালক যাত্রীদের নেমে যেতে বলেন। হঠাৎ চোখে পড়ে, সড়কের ওপর নৌযানের ঘাট। এ সময় শাহপরীর দ্বীপ থেকে স্পিডবোট, ইঞ্জিনচালিত বোট ও হস্তচালিত নৌকাযোগে লোকজনকে পারাপার করতে দেখা গেছে।এ সময় নৌকার যাত্রী বাজারপাড়ার গৃহবধূ রাবিয়া খাতুন বলেন, ‘ছেলে অসুস্থ। তাকে বিনা খরচে চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নিয়ে যাচ্ছি। রাস্তা ডুবে যাওয়ার ফলে স্পিডবোটে ৫০ টাকা, ইঞ্জিনবোটে ৪০ টাকা নেওয়া হচ্ছে। আমি গরিব মানুষ, তাই প্রাণের ঝুঁকি নিয়ে ছোট নৌকা করে জনপ্রতি ১০ টাকা দিয়ে আসতে হয়েছে।’ইঞ্জিনবোটের যাত্রী শাহপরীর দ্বীপের মামা-ভাগিনা স্টোরের মালিক ও পেপার বিক্রেতা জসিম উদ্দিন বলেন, এই সড়কে ১৪ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আগে টেকনাফ থেকে গাড়িযোগে মালামাল ও পেপার সরাসরি দোকানে আনা যেত। এখন জোয়ার ও বৃষ্টির পানিতে রাস্তা ডুবে যাওয়ায় নৌকাযোগে মালামাল ও পেপার আনতে গিয়ে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে।শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার বাসিন্দা নুরুল হক বলেন, ‘জুলাই মাসের প্রথম সপ্তাহে ওমরাহ পালনে সৌদি আরব যাই। দেশে ফিরে বাড়িতে যাওয়ার সময় এখানে এসে দেখি, যে সড়ক দিয়ে গাড়ি চলাচল করে, সেটির ওপরে স্পিডবোট আর নৌকা করে লোকজন যাতায়াত করছে।’টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিক মিয়া বলেন, ‘আমি নিজে এলাকায় গিয়ে দেখতে পাই, ভাঙা বাঁধ দিয়ে জোয়ার ও পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে উপজেলার সাবরাং, টেকনাফ ও পৌরসভার ৩৭টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধ করা গেলে সব সমস্যার সমাধান হবে উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে।