টেকনাফকে ইয়াবামুক্ত করার দাবি এলাকাবাসীর
কক্সবাজারের টেকনাফ উপজেলাকে ইয়াবা বড়িমুক্ত এলাকা করার দাবি জানিয়েছেন এলাকার বিভিন্ন পেশার মানুষ। টেকনাফের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার পুলিশ কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে এসব কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, জনগণের সহযোগিতা পেলে পুলিশ টেকনাফকে শিগগির মাদকমুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। কোথায় মাদক তৈরি ও বিক্রি হয়, খবর পেলে জানানোর জন্য তিনি বলেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া বলেন, প্রায় প্রতিদিন ইয়াবা বড়িসহ সরবরাহকারী আটক হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকছে। এতে যুবসমাজ ধ্বংস হচ্ছে। পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বলেন, ইয়াবা বড়িসহ মাদক পাচার বন্ধে তাঁরা পুলিশকে সহযোগিতা করবেন। উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা বলেন, ইয়াবা বড়িসহ মাদকদ্রব্যের ব্যবহারের কারণে টেকনাফের তরুণ-যুবকেরা ধ্বংস হচ্ছে। এসব তরুণকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর আগে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এলাকার নানা সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে ঘুষ আদায়ের অভিযোগে থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করার ঘোষণা দেন পুলিশ সুপার।