টেকনাফে অগ্নিকাণ্ডে ১০ বসতবাড়ি ভস্মীভূত
কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতবাড়ি ও একটি গ্যারেজ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় এক কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকার কাস্টমস শুল্ক বিভাগ সংলগ্ন আবু ছিদ্দিক কলোনির মো. রফিকের মালিকানাধীন মেসার্স দানু মিয়া ইঞ্জিনিয়ারিং গ্যারেজ (ওয়ার্কশপ) থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় পার্শ্ববর্তী বাসার লোকজন ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুনের সূত্রপাত দেখে লোকজন এগিয়ে এসে চিৎকার শুরু করলে শামসুল আলম, ইসমাইল, আবুল হাশেম, মো. কামাল, মো. রফিক, মো. করিম, মো. জোবাইর, নুর আলম, বাবুল পাল, স্বপন পালের বসতবাড়ি থেকে লোকজন বের হতে পারলেও আসবাবপত্র, মালামাল, স্বর্ণালংকার, নগদ টাকা, কাপড়-চোপড়সহ যাবতীয় আগুনে ভস্মীভূত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টেকনাফ থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে অনুদানের আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামসুল ইসলাম বলেন, টেকনাফে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় জেলা সদর থেকে ৮৬ কিলোমিটার দূরে ফায়ার সার্ভিসের গাড়ি টেকনাফ পৌঁছার আগেই সবকিছু আগুনে পুড়ে ভসঞ্চীভূত হয়ে যায় এবং এতে ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।