টেকনাফে অন্য রকম ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের ঘরে ঘরে ঈদের দিন এভাবেই চলে চালের রুটির সঙ্গে গরুর মাংস খাওয়া। ছবি: আব্দুল কুদ্দুস
টেকনাফের ঘরে ঘরে ঈদের দিন এভাবেই চলে চালের রুটির সঙ্গে গরুর মাংস খাওয়া। ছবি: আব্দুল কুদ্দুস

মেঘে ঢাকা রাতের আকাশে গুড় গুড় শব্দ শুনে অনেকে ধরেই নিয়েছিলেন, ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে ঈদটা কাটাতে হবে। কিন্তু সকালে সোনালি সূর্য উঁকি দিয়ে জানান দিল, তেমনটি আর হচ্ছে না। সকাল আটটার মধ্যে লোকজন জড়ো হতে থাকেন বিভিন্ন ঈদগাহে। নামাজ শেষে চলে পশু কোরবানি।

দেশের অন্যান্য এলাকার তুলনায় মিয়ানমার-সীমান্তবর্তী উপজেলা টেকনাফের ঈদ আয়োজন একটু ব্যতিক্রম। সকাল-সকাল রান্না করা গরম গরুর মাংসের সঙ্গে রাত জেগে বউ-ঝিদের হাতে তৈরি চালের রুটি খাওয়া না হলে ঈদের আনন্দটাই যেন মাটি। সেমাই, পোলাও-বিরিয়ানির প্রচলন এখানে তেমন নেই। ছোট-বড় সবার পছন্দ রুটি-মাংস। সঙ্গে ঠান্ডা পানীয় পেপসি, সেভেনআপ, কোকাকোলা। সব শেষে মিষ্টি পানের সঙ্গে গাছের পাকা সুপারি দিয়ে ‘খিলিপান’।

টেকনাফ সদর ইউনিয়নের একটি গ্রাম ডেইলপাড়া। এই পাড়াটি পাঁচটি আলাদা সমাজে বিভক্ত। প্রতিটা সমাজে ৫০ থেকে ৭০টি ঘর রয়েছে। এবার প্রতিটা সমাজে গরু কোরবানি হয়েছে ১৭ থেকে ৫০টি।

দক্ষিণ ডেইলপাড়া সমাজ কমিটির সভাপতি নুরুল ইসলাম জানান, প্রতিটা গরুর মাংস দুই ভাগে ভাগ করা হয়। একভাগ যায় মালিকের ঘরে। অন্য ভাগ রাখা হয় সমাজের প্রতিটি ঘরে বিতরণের জন্য।

দুপুর ১২টার দিকে মসজিদের পাশে এক বাড়িতে গিয়ে দেখা গেল, মাংসের সঙ্গে চালের রুটি খাওয়ার ধুম। একটু দূরে আরেক ঘরে গিয়ে দেখা গেল একই চিত্র। ঈদের টানা তিন দিন ঘরে ঘরে চলবে ‘মাংস-রুটি’ খাওয়ার আয়োজন।

গ্রামের প্রবীণ ব্যক্তি নাজির হোসেন (৮৬) বলেন, ‘এই বয়সেও পেটপুরে গরুর মাংস হজম করতে পারি। জন্মের পর থেকে এই মাংস-রুটির রেওয়াজ দেখে আসছি। গরুর মাংসের সঙ্গে চালের রুটি না হলে ঈদ আনন্দ টের পাওয়া যায় না। ঈদের তিন দিনের মধ্যে কোরবানির মাংস শেষ করতে হবে—এমন রীতি থেকেই সম্ভবত এই মাংস-রুটি খাওয়ানোর প্রচলন।’

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম জানান, এই উপজেলার লোকসংখ্যা প্রায় তিন লাখ। এবার ঈদে পশু কোরবানি হয়েছে অন্তত ৮০ হাজার। এর মধ্যে প্রায় ৫০ হাজার গরু।
টেকনাফ থানায় পুলিশের সংখ্যা ৪০ জন। কোরবানির জন্য কেনা হয়েছে একটি গরু ও একটি ছাগল। এত মাংস কারা খাবেন—জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন হেসে জবাব দিলেন, ‘কী বলেন ভাই, এটা টেকনাফ না? একদিনেই সব শেষ হয়ে যাবে।’

টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের সদস্য সংখ্যা ৯০০ জন। এখানেও একাধিক গরু ও ছাগল কোরবানি দেওয়া হয়েছে।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, ‘টেকনাফের মানুষ ঈদে ভিন্ন রকম খাবারের আয়োজন করলেও আমরা ব্যাটালিয়ন সদরসহ মিয়ানমার সীমান্তের ১১টি চৌকিতে গরু, ছাগল আর মুরগি দিয়ে রান্না করা বিশেষ পোলাও, বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করেছি। যে কেউ আমাদের অতিথি হতে পারেন।’
টেকনাফের বহু ধনাঢ্য পরিবার রয়েছে, যারা একসঙ্গে দুই থেকে ১০টি গরু কোরবানি দিয়েছে। এসব ঘরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে সাদা ভাতের সঙ্গে গরুর মাংসের মেজবানি রান্না।