মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ। এক দিনে অতিরিক্ত অবস্থানের জরিমানা মাত্র ৫০ টাকা
টেকনাফে অবস্থানের অনুমতি নিয়ে সারা দেশে যাচ্ছেন মিয়ানমারের নাগরিকেরা
মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা শহিদুল হক ও মোস্তফা বেগম। গত ৩০ জুলাই তাঁরা সাত দিনের পাস নিয়ে টেকনাফে আসেন। শুধু টেকনাফে অবস্থানের কথা থাকলেও পরদিনই তাঁরা ঢাকায় চলে যান। মিয়ানমারে ফেরার সময় টেকনাফে অভিবাসন কর্মকর্তাদের হাতে ধরা পড়েন। বাংলাদেশে এক দিন বেশি অবস্থানের কারণে ৫০ টাকা করে তাদের জরিমানা হয়। ওই টাকা দিয়েই দেশে ফিরে যান তাঁরা। বিভিন্ন সূত্রে জানা যায়, ব্যবসা বা চিকিত্সার নামে টেকনাফে অবস্থানের কথা বলে প্রতিদিন অনেকেই মিয়ানমার থেকে আসছেন। কিন্তু অনুমতি ছাড়াই তাঁরা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে চলে যাচ্ছেন। নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান করলেও দিনপ্রতি ৫০ টাকা জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছেন তাঁরা। আর বিনা অনুমতিতে টেকনাফের বাইরে গেলেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অভিযোগ উঠেছে, এই সুযোগে মিয়ানমারের নাগরিকেরা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের তথ্য পাচার করছেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘জেলায় অপরিচিত ও সন্দেহভাজন লোকজনের আনাগোনার খবর পাচ্ছি। এ ব্যাপারে সতর্ক থাকার জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আর মিয়ানমারের নাগরিকদের টেকনাফে থাকার অনুমতি নিয়ে দেশের বিভিন্ন স্থানে চলে যাওয়া রোধে বিধিমালা তৈরির জন্য ঊর্ধ্বতন মহলের কাছে সুপারিশমালা পাঠানো হয়েছে।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি কোস্টগার্ড টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকার নাফ নদীতে একটি ট্রলারসহ মিয়ানমারের আটজন নাগরিককে গ্রেপ্তার করে। স্থানীয় কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মুজিবুর রহমান জানান, ওই আটজনের কাছ থেকে বাংলাদেশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, জাহাজ, মানচিত্রসহ নানা স্থাপনার ছবি ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগে মামলা করা হয়। গ্রেপ্তার হওয়া আটজনই মিয়ানমারের আকিয়াব জেলার মে অং এলাকার বাসিন্দা। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন তথ্য পাচারের অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনার পর পুলিশ টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মিয়ানমারের তিন শতাধিক নাগরিককে গ্রেপ্তার করে। টেকনাফ স্থলবন্দরের কয়েকজন ব্যবসায়ী জানান, বাংলাদেশি কেউ তিন দিনের পাস নিয়ে মিয়ানমারের মংডু শহরে গেলে কড়া নজরদারিতে পড়েন। ওই শহরের তিন মাইলের বাইরে তাঁদের যেতে দেওয়া হয় না। মুঠোফোন বা ক্যামেরা সঙ্গে নেওয়া দণ্ডনীয় অপরাধ। অথচ মিয়ানমারের নাগরিকেরা তিন দিনের পাস নিয়ে টেকনাফে এসে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা পর্যন্ত চলে যাচ্ছেন। ৮ আগস্ট টেকনাফ স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যালয়ের সামনের জেটিঘাটে গিয়ে দেখা যায়, ইঞ্জিনচালিত একটি নৌকায় করে মিয়ানমার থেকে ৪৫ জন নারী-পুরুষ টেকনাফে আসেন। অপর একটি নৌকায় করে ২৯ মিয়ানমারের নাগরিক ও ১১ বাংলাদেশি ব্যবসায়ী মিয়ানমারের দিকে রওনা দিচ্ছেন। মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা আবদুর রহিম (৪৫) জানান, স্ত্রী ছমুদা বেগমকে সঙ্গে নিয়ে তিনি ব্যবসায়ী পরিচয়ে টেকনাফে আসেন। পরে টেকনাফ থেকে তাঁরা চট্টগ্রামে যান। সেখানে একটি আবাসিক হোটেলে পাঁচ দিন থাকার পর মিয়ানমারে ফিরছেন। নির্ধারিত সময়ের চেয়ে এক দিন বেশি অবস্থানের কারণে তাঁদের জনপ্রতি ৫০ টাকা জরিমানা হয়। ইমিগ্রেশন কর্মকর্তা মো. শাহ আলম জানান, নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি দিন বাংলাদেশে অবস্থান করায় ৮ মে থেকে ৮ আগস্ট পর্যন্ত মিয়ানমারের ৪৭ নাগরিকের কাছ থেকে ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়। তিনি বলেন, ‘প্রতিদিন মিয়ানমার থেকে গড়ে ৫০ জন টেকনাফে আসেন। এখান থেকে অনেকে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় চলে যান। কিন্তু কোনো নীতিমালা না থাকায় তাঁদের আটকানো যায় না।’ নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফ স্থলবন্দরের এক শুল্ক কর্মকর্তা জানান, মিয়ানমার থেকে প্রতি মাসে প্রায় দেড় শ কোটি টাকার পণ্য আমদানি হয়। আর রপ্তানি করা হয় সর্বোচ্চ ২০ লাখ টাকার পণ্য। সম্প্রতি টেকনাফ ট্রানজিট ঘাটে তল্লাশি চালিয়ে বিডিআর সদস্যরা মিয়ানমারের কয়েকজন নাগরিকের কাছ থেকে বেশ কিছু মোবাইলের সিম জব্দ করেন। নাম প্রকাশ না করার শর্তে টেকনাফের কয়েকটি আবাসিক হোটেলের ম্যানেজার জানান, স্থানীয় ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের নামে হোটেলের কক্ষ ভাড়া নিয়ে মিয়ানমারের নাগরিকদের থাকার ব্যবস্থা করে দেন। এতে তাঁদের তেমন কিছু করার থাকে না। টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হোসেন জানান, মিয়ানমারের নাগরিকেরা টেকনাফ এসে নানা কৌশলে দেশের বিভিন্ন স্থানে চলে যাওয়ার খবর রয়েছে। তাঁদের অনেককে আটক করে পুলিশেও দেওয়া হচ্ছে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, টেকনাফ স্থলবন্দরের ইমিগ্রেশন বিভাগ হয়ে এক থেকে সাত দিনের পাস নিয়ে মিয়ানমারের নাগরিকেরা টেকনাফ আসেন। পরে তাঁরা দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছেন বলে জানতে পেরেছি। ইউএনও বলেন, মিয়ানমারের নাগরিকদের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে এসে টেকনাফের আবাসিক হোটেলে রাত যাপন সম্পূর্ণ অবৈধ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।