টেকনাফে অবাধে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। কক্সবাজারের টেকনাফ উপজেলার হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে ডিমওয়ালা মাছ।সরেজমিনে দেখা গেছে, উপজেলার পৌরসভার বড়বাজার, বাসস্ট্যান্ড বাজার, হ্নীলা বাজার, লেদাবাজার, মৌলভীবাজার, নয়াবাজার, মিনাবাজার, কানজরপাড়া বাজার, ঝিমংখালী বাজার, লম্বা বিল বাজার, হোয়াইক্যং বাজার, উলুবনিয়া বাজার, শাহপরীর দ্বীপ বাজার, নয়াপাড়া বাজার, সাবরাং বাজার, লম্বরী বাজার, শীলখালী বাজার, বড় ডেইল বাজার, শামলাপুরসহ ১৯টি হাটবাজারে প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা ১১টা এবং বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতিদিন বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মাছ বিক্রি হয়। এগুলোর মধ্যে রয়েছে চিংড়ি, ইলিশ, রুই, কোরাল, মাগুর, পোয়া, কাতলা, বোয়াল, মৃগেল, টাকি, কই, তেলাপিয়া, ট্যাংড়া, লইট্যা, শোল, ভেদা, বাটা, বাইলা ও আইড় মাছ।গত সোমবার ও মঙ্গলবার টেকনাফ পৌর এলাকার বড়বাজার ও বাসস্ট্যান্ড বাজারে মাছবাজারের কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ, এমন তথ্য তাঁদের জানা নেই।মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন ও ১৯৮৫ সালে (সংশোধিত) আইনে ১ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত নদ-নদী, খাল-বিলে দলবদ্ধভাবে বিচরণরত মাছের পোনা, মা-মাছ ও বিভিন্ন প্রজাতির মাছ ধরা, বিক্রি, বহন, নিজের দখলে রাখা ও বিক্রির জন্য প্রদর্শন নিষিদ্ধ করা হয়। আইন অমান্যকারীর বিরুদ্ধে এক মাস থেকে দুই বছর সশ্রম কারাদণ্ডসহ এক-দুই হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ বলেন, ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রি প্রতিরোধে আগামী কয়েক দিনের মধ্যে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ডিমওয়ালা মাছ ধরা থেকে বিরত থাকার জন্য উপকূলীয় এলাকার জেলেপাড়া, হাটবাজারে প্রচারণা চালানোর জন্য মৎস্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। তার পরও টেকনাফের হাটবাজারে কিছু কিছু ডিমওয়ালা মাছ বিক্রি হচ্ছে।