টেকনাফে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কক্সবাজারের টেকনাফে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দুটি পুকুর দখলমুক্ত করা হয়েছে। এর মধ্যে স্থানীয় ইউপি সদস্য ও উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদকের নির্মিত সেমিপাকা টিনের চালার একটি মার্কেটও রয়েছে।
স্থানীয় ভূমি কার্যালয় সূত্র জানায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া ও আল জামিয়া দারুস সুন্না ইসলািময়া মাদ্রাসার আশপাশের এলাকায় ৩ দশমিক ৭ একর খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে জবরদখল করে প্রভাবশালী ব্যক্তিরা মার্কেট, বসতবাড়ি ও সামাজিক সংগঠনের কার্যালয় তৈরি করেছিল৷ গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সেলিনা কাজির নেতৃত্বে পুলিশ, বিজিবি ও গ্রাম পুলিশের সহযোগিতায় অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী এলাকার দুটি সরকারি পুকুর দখলমুক্ত করা হয়। অভিযানে ওই এলাকার আশপাশের ফুটপাত ও জায়গা থেকে প্রায় অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
সেলিনা কাজি প্রথম আলোকে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় শতাধিক সদস্য নিয়ে আমরা হ্নীলা বাজার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এর মধ্যে একটি মার্কেট রয়েছে। স্থানীয় প্রভাবশালীদের জবরদখলে থাকা ৩১টি দোকান, চারটি বসতবাড়ি, দুটি খামার বাড়ি, একটি সামাজিক সংগঠন (ক্লাবঘর) উচ্ছেদ ও দুটি পুকুর জবর দখলমুক্ত করা হয়েছে। দখলমুক্ত করা পুকুর দুটি ইজারা দেওয়া হবে।’