টেকনাফে অভিযানে গিয়ে অবরুদ্ধ ডিবির দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা বড়ি নিয়ে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে কক্সবাজারের টেকনাফে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় লোকজন। এ সময় ডিবি সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাসের কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে টেকনাফের নাজিরপাড়ায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে ইয়াবা উদ্ধারে সাদাপোশাকে ডিবির একটি দল টেকনাফ সদর ইউনিয়নের সদস্য এনামুল হকের বাড়িতে অভিযানে যায়। তাঁর বাড়ি ইউনিয়নের নাজিরপাড়ায়। অভিযানে গিয়ে জনতার ক্ষোভের মুখে পড়ে ডিবির দলটি। একপর্যায়ে তাদের অবরুদ্ধ করে রাখে জনতা।
ডিবি বলছে, এনামুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
অভিযানের বিষয়ে ইউপি সদস্য এনামুল হক গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, তখন ঘরে ভাত খাচ্ছিলেন তিনি। এ সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢোকেন সাদাপোশাকের কয়েকজন ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই তাঁর হাতে হাতকড়া পরিয়ে দেন ডিবির লোকেরা। এরপর তাঁকে টেনেহিঁচড়ে ঘরের বাইরে নেওয়া হয়। এ সময় ডিবির সঙ্গে তাঁর তর্ক হয়। তখন আশপাশের লোকজন সেখানে জড়ো হলে তাঁকে নিয়ে আবার ঘরে ঢোকেন ডিবির লোকজন।
ইউপি সদস্য এনামুল হক বলেন, ঘরে ঢোকার পর কেন হাতকড়া পরানো হয়েছে, তা জানতে চান তিনি। তখন ডিবির এক কর্মকর্তা তাঁর সঙ্গে থাকা অন্য দুজনকে গাড়ি থেকে দ্রুত ইয়াবা নিয়ে আসতে বলেন। এ সময় বাইরে থাকা লোকজন হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তাঁরা ডিবির দলটিকে অবরুদ্ধ করে রাখে এবং গাড়ির গ্লাস ভাঙচুর করেন। পরে জনতার চাপের মুখে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি।
এদিকে ডিবি সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়েছে—এ খবর পেয়ে রাত ১২টার দিকে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান ঘটনাস্থলে যান। তাঁরা অবরুদ্ধ ডিবি সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ইউপি সদস্য এনামুল অভিযোগ করেন, ইয়াবা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই ছিল ডিবির ওই দলটির মূল উদ্দেশ্য। কিন্তু স্থানীয় জনতার বাধার মুখে তা সম্ভব হয়নি। তাঁর অভিযোগ, এর আগেও ইয়াবা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। তিনি বলেন, প্রায়ই এ ধরনের অপরাধের ঘটনা ঘটলেও ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না।
অভিযানে যাওয়া কক্সবাজার ডিবির উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া প্রথম আলোকে বলেন, এনামুলের বাড়িতে ইয়াবা বড়ি আছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। কিন্তু ইয়াবা পাওয়া যায়নি। লোকজনকে আটক করে ইয়াবা মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
ইউপি সদস্য এনামুলের বিরুদ্ধে ইয়াবা পাচারসহ ১০টি মামলা আছে বলে জানান কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–ডিবি) অংসা থোয়াই।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে তিনি ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ অবস্থা থেকে ডিবি পুলিশের দলটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় ডিবি পুলিশ মামলা করেছে। মামলায় ইউপি সদস্য এনামুল হকসহ নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করে গতকাল টেকনাফ থানায় মামলা করেন ডিবির এসআই সুমন মিয়া। সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর হামলার অভিযোগ করা হয়েছে মামলায়।
এদিকে বৃহস্পতিবার রাতের অভিযানের বিষয়ে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ বলেন, এনামুলের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন। এ কারণে পুলিশ তাঁকে সেদিন গ্রেপ্তার করতে পারেনি।