টেকনাফে অর্ধশতাধিক ভবন ঝুঁকিপূর্ণ
দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। দেবে গেছে মেঝে। দেয়ালে সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল। একটু বৃষ্টি হলেই ভেতরে পানি ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাব নষ্ট হয়ে যায়। যেকোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।এই করুণ অবস্থা কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ অর্ধশতাধিক ভবনের। এসব ভবনেই কর্মকর্তারা জীবনের ঝুঁঁকি নিয়ে দাপ্তরিক কাজ করছেন। একই সঙ্গে ইউএনওর বাসভবনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বসবাসের জন্য নির্মাণ করা কোয়ার্টারের অবস্থাও খারাপ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে তিনটি ভবন রয়েছে। এর মধ্যে একটিতে ইউএনও, নির্বাচন, স্থানীয় সরকার প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। অন্য একটিতে মহিলা অধিদপ্তর, যুব উন্নয়নসহ কয়েকটি বিভাগের কার্যালয়। আরেকটিতে আছে কৃষি, মৎস্য, শিক্ষা ও সমবায় কর্মকর্তার কার্যালয়। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, টেকনাফ থানা, পুলিশ কোয়ার্টার, প্রেসক্লাব, খাদ্যগুদাম, অফির্সাস ক্লাব ভবনের অবস্থাও শোচনীয়। এসব ভবনের প্রত্যেকটির দেয়ালে শেওলা জমেছে। ছাদে ফাটলের সৃষ্টি হয়েছে। এ ছাড়া মেঝে দেবে গিয়ে উচুঁ-নিচু হয়ে আছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদ আবাসিক এলাকায় ইউএনওর বাসভবন, কর্মকর্তাদের জন্য নির্মাণ করা রজনীগন্ধা, কনকচাঁপা, প্রীতিলতা, হাসনাহেনা, দোলনচাঁপা নামে ভবনের দেয়ালের পলেস্তারাও খসে পড়ছে।ইউএনও আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘উপজেলা পরিষদ ও আবাসিক ভবনগুলো নতুনভাবে নির্মাণ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।’