কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলে ঝড়ের কবলে পড়ে অর্ধশতাধিক ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা মাঝিমাল্লাসহ নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব নৌকায় দুই শতাধিক মাঝিমাল্লা রয়েছেন বলে নৌকার মালিকেরা দাবি করেছেন।স্থানীয় কয়েকজন নৌকার মালিক বলেছেন, গত বুধবার থেকে সাগরে দমকা হাওয়া ও থেমে থেমে ঝড় শুরু হয়। তা সত্ত্বেও গতকাল বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপকূলের হারিয়াখালী, হাদুর ছড়া, কাটাবনিয়া, মহেষখালীয়া পাড়া, লম্বরী, তুলাতলি, হাতিয়ার ঘোনা, রাজার ছড়া, নোয়াখালী, কচ্ছপিয়া, বড় ডেইল, জাহাজপুরা, শীলখালী ও শামলাপুর ঘাট থেকে প্রায় তিন শতাধিক নৌকা সাগরের ‘বার বাইন’ নামক স্থানে মাছ শিকারে যায়। সকাল নয়টার দিকে হঠাৎ করে দমকা হাওয়া ও ঝড় শুরু হয়। এ সময় নৌকাগুলো তীরে ফিরে আসতে থাকে। তবে অধিকাংশ নৌকা ফিরে এলেও এখনো প্রায় ৫০টি নৌকা ফিরে আসেনি। ওই সব নৌকায় থাকা মাঝিমাল্লাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।টেকনাফ উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা আবদুল মতিন বলেন, বুধবার থেকে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কসংকেত দেওয়া হয়। প্রতিটি ঘাটে এ খবর মাইকিং করে জানানোও হয়।নৌকার মালিক নবী হোসেন, আবদুল গফুর, মোহাম্মদ ইসলাম ও সিরাজুল ইসলাম বলেন, কিছুদিন ধরে সাগরে ইলিশের পাশাপাশি প্রচুর লইট্যা মাছ পাওয়া যাচ্ছে। এ কারণে সাগরে সংকেত থাকার পরও জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যাচ্ছেন।কক্সবাজারের আবহাওয়াবিদ মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হওয়ায় সাগর উত্তাল রয়েছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবহাওয়া পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত নিখোঁজ মাঝিমাল্লাদের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।