টেকনাফে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচার প্রতিরোধে কক্সবাজারের টেকনাফ উপজেলার খুরেরমুখ এলাকায় আজ রোববার একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় মানবপাচারে দালাল চক্রের সদস্যরা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ, কচুবনিয়া, কাঁটাবনিয়া, আচারবনিয়া, মুণ্ডার ডেইল ও আলীর ডেইল এলাকার কয়েকটি সমুদ্র উপকূলীয় পয়েন্ট দিয়ে নৌকায় করে সাগরে অবস্থানরত ট্রলারে যাত্রী তোলে। মালয়েশিয়া গমনের নিরাপদ পথ হিসেবে টেকনাফ উপকূলের বিশেষ পরিচিত রয়েছে।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, সমুদ্রপথে দালাল চক্রের সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন এলাকার লোকজনকে টেকনাফে এনে অবৈধভাবে ট্রলারে করে মালয়েশিয়া পাঠানো হচ্ছে। আসন্ন শীত মৌসুমে মালয়েশিয়া গমনের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কায় আজ থেকে এ তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। ওই চৌকিতে একজন হাবিলদারের নেতৃত্বে দৈনিক ১০ জন বিজিবির সদস্য দায়িত্ব পালন করবেন।
আবু জার আল জাহিদ আরও জানান, ওই এলাকার মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো সাগরে যাওয়ার আগে এখন থেকে খুরেরমুখ চৌকির সদস্যদের তল্লাশি শেষে অনুমতি নিয়ে সমুদ্র যেতে হবে। যারা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।